উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ১৮ বছর পর বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে সলমন খান ও গোবিন্দাকে (Salman Khan-Govinda)। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। ২০০৭ সালের ‘পার্টনার’ ছবিতে তাঁদের জুটি দর্শকদের মন জয় করেছিল। ফলে ফের তাঁরা একসঙ্গে ছবি করছেন, এমন খবর প্রকাশ্যে আসতেই খুশি ভক্তরা। যদিও এব্যাপারের এখনও মুখ খোলেননি সলমন বা গোবিন্দা কেউই।
বলিউড সূত্রে খবর, ছবিটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এখনও কোনও নামকরণ করা হয়নি। যদিও আপাতত ছবিটির বিস্তারিত তথ্য গোপন রাখা হচ্ছে। তবে আইকনিক এই জুটির জমকালোভাবে পর্দায় ফেরা শুধু এখন সময়ের অপেক্ষা মাত্র।
উল্লেখ্য, সলমন ও গোবিন্দাকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০০৭ সালে ডেভিড ধাওয়ানের ‘পার্টনার’ ছবিতে। সম্প্রতি ‘বিগ বস’-এও ইঙ্গিত পাওয়া হয়েছিল যে সলমনের সঙ্গে গোবিন্দা জুটি বাঁধছেন কোনও ছবিতে। এদিকে, সোশ্যাল মিডিয়াতেও বড়পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন গোবিন্দাও। সলমনও বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর পরবর্তী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিংয়ে।
