উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) পর এবার ক্রিকেট বিশ্বে বড়সড় ধামাকা। বদলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা (Royal Challengers Bangalore)। গত বছরের চ্যাম্পিয়ন দলটিকে রেকর্ড ১৭৮ কোটি ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ৭০৬ কোটি টাকা) কিনে নিল আদিত্য বিড়লা গোষ্ঠীর (Aditya Birla Group) নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। এতদিন ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের অধীনে থাকা এই দলের ১০০ শতাংশ মালিকানা এখন নতুন কনসোর্টিয়ামের হাতে।
মঙ্গলবার সকালেই রাজস্থান রয়্যালসের ১০০ শতাংশ মালিকানা বিক্রির খবর প্রকাশ্যে এসেছিল। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থানকে ১৫ হাজার ২৮৫ কোটি ৩৯ লাখ টাকায় কিনে নেয়। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিল আরসিবি। রাজস্থানকে বড় ব্যবধানে টেক্কা দিয়ে আইপিএল ইতিহাসের অন্যতম দামী ফ্র্যাঞ্চাইজি হিসেবে উঠে এল বেঙ্গালুরু।
আদিত্য বিড়লা গোষ্ঠীর পাশাপাশি এই কনসোর্টিয়ামে রয়েছে আমেরিকার বিখ্যাত ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার। আমেরিকার বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন এবং টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠী। দলটির নতুন চেয়ারম্যান হতে চলেছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীর সত্যন গজওয়ানি। ২০২৬ সালের আইপিএল মরসুম শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাঁরা দায়িত্বভার গ্রহণ করবেন।
আরসিবি কেনার দৌড়ে প্রথম দিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার্স পরিবার এবং সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা আগ্রহ দেখালেও পরে তাঁরা সরে দাঁড়ান। শেষ মুহূর্তের নাটকীয় লড়াইয়ে সুইডেনের সংস্থা ইকিউটি এবং মণিপাল হাসপাতাল গোষ্ঠীর কনসোর্টিয়ামকে হারিয়ে বাজি মারল বিড়লা গোষ্ঠী।
সরকারিভাবে এখনও কোনো ঘোষণা না হলেও, মানিকন্ট্রোল সূত্রের খবর অনুযায়ী দু’পক্ষের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে। আরসিবির মতো একটি মহাতারকা খচিত দলের মালিকানা বদল আগামী আইপিএলের ব্র্যান্ড ভ্যালুকে যে কয়েক গুণ বাড়িয়ে দিল, তা নিশ্চিত।
