উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরিবারের অমতে বিয়ে করছিল বোন। আর সেই ‘অপরাধে’ বোনকে গুলি করে হত্যার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় মূল অভিযুক্ত ভাই-সহ চারজনকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। গ্রেপ্তারির দরুন ধৃতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, যার ফলে চারজন অভিযুক্তই গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এই ঘটনাটি ঘটেছে রোহতকের কাহানি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় সঞ্জু তার তিন সহযোগী রাহুল(কাহানি গ্রাম), অঙ্কিত ও গৌরব(সোনিপত জেলা)-কে সঙ্গে নিয়ে তার বোন স্বপ্নাকে (২৩) তার নিজের বাড়িতে গুলি করে হত্যা করে। উল্লেখ্য, দুই বছর আগে স্বপ্না এক অটোচালক সুরজকে বিয়ে করেছিলেন, যা তার পরিবার মেনে নেয়নি। সেই ঘটনার জেরেই সঞ্জু এমন ঘটনা ঘটায় বলে মনে করা হচ্ছে। ঘটনার সময় সুরজ বাড়িতে ছিলেন না, তবে তার ভাই সাহিল গুলিতে আহত হন। অভিযুক্ত সঞ্জু তার বোনকে হত্যার পর বোনের স্বামী সুরজকেও খুনের পরিকল্পনা করেছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে রোহতকের লাডোট-বোহর সড়কে একটি চেকপোস্ট তৈরি করে পুলিশ। বৃহস্পতিবার সেখানেই অভিযুক্তদের দলটি পুলিশের মুখোমুখি হয়।
পুলিশের সূত্রে খবর, অভিযুক্তরা আচমকাই পুলিশের দিকে গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশ দলও পালটা গুলি চালায়। এই গুলিবিনিময়ে মূল অভিযুক্ত সঞ্জু-সহ চারজনই গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাদের সকলকে রোহতকের পিজিআইএমএস হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ধৃত চারজনের কারোরই আগে কোনও অপরাধমূলক রেকর্ড নেই। অভিযুক্তদের কাছ থেকে দু’টি .৩০ বোর পিস্তল, দু’টি দেশি পিস্তল, ১০টি তাজা কার্তুজ, ১০টি ফাঁকা কার্তুজ, দু’টি ম্যাগাজিন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বিয়ের পর স্বপ্না ও সুরজ কাহানি গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু সম্প্রতি তাঁরা গ্রামে ফিরে আসেন।
