Rishabh Pant | ঘরের মাঠে হোয়াইটওয়াশ! ‘আশা পূরণে ব্যর্থ’, ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ঋষভ পন্থ

Rishabh Pant | ঘরের মাঠে হোয়াইটওয়াশ! ‘আশা পূরণে ব্যর্থ’, ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ঋষভ পন্থ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর সমালোচনার মুখে গোটা ভারতীয় ক্রিকেট দল। এই ভরাডুবির পর অবশেষে মুখ খুললেন দলের স্ট্যান্ড-ইন অধিনায়ক তথা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। বুধবার গুয়াহাটিতে ভারতের ৪০৮ রানে হারের পর দিনই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

নিজের পোস্টে ঋষভ পন্থ স্পষ্ট জানিয়েছেন, এই সিরিজে দল যথেষ্ট ভালো ক্রিকেট খেলেনি এবং ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি লেখেন,”আমরা যে গত দু’সপ্তাহে যথেষ্ট ভালো ক্রিকেট খেলিনি, তা অস্বীকার করার কোনও জায়গা নেই। দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমরা সবসময় সেরা পারফরম্যান্স দিতে চাই এবং কোটি কোটি ভারতীয়দের মুখে হাসি ফোটাতে চাই। দুঃখিত, আমরা এবার আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি।”

পন্থ জানান, খেলা তাঁদের শিখিয়েছে শিখতে, মানিয়ে নিতে এবং বেড়ে উঠতে। তিনি এও প্রতিশ্রুতি দিয়েছেন যে, দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে তাঁরা কঠোর পরিশ্রম করে, নতুন করে মনোযোগ দিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।

সাম্প্রতিক এই সিরিজ হার ভারতের টেস্ট ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায়। কলকাতায় প্রথম টেস্টে হারের পর গুয়াহাটির দ্বিতীয় টেস্টে ভারত পরাজিত হয় বিশাল ৪০৮ রানের ব্যবধানে। এই জয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা ২০০০ সালের পর ভারতে প্রথমবার টেস্ট সিরিজ জিতল।

নিয়মিত অধিনায়ক শুভমান গিল চোটের (ঘাড়ের আঘাত) কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ায়, দলের নেতৃত্ব দেন পন্থ। তাঁর অধিনায়কত্বের কিছু সিদ্ধান্ত প্রশংসিত হলেও, ব্যাট হাতে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স (৪ ইনিংসে মাত্র ৪৯ রান) নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও পন্থ নিজের অসন্তোষ চেপে রাখেননি। তিনি হারের দায় স্বীকার করে বলেন, “এটা হতাশাজনক। দল হিসেবে আমাদের আরও ভালো করতে হবে। প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হবে, তারা সিরিজে আধিপত্য দেখিয়েছে। আমাদের মানসিকতা আরও পরিষ্কার হওয়া দরকার ছিল।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *