উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাগডোগরা বিমানবন্দরের বাইরে আবেগের সুনামি। ঘরে ফিরলেন প্রথম বাঙালি বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ (Richa Ghosh)। শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) নামার পর থেকে অভ্যর্থনায় ভাসলেন বিশ্বজয়ী ভারতীয় দলের স্টাম্পার-ব্যাটার। ঘরের মেয়েকে সাদরে বরণ করল শিলিগুড়ি। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা।
এদিন রিচাকে সংবর্ধনা জানাতে একগুচ্ছ কর্মসূচি করতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। বিকেলে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দানের রবীন্দ্র মঞ্চে রিচাকে নাগরিক সংবর্ধনা জানাবে শিলিগুড়ি পুরনিগম৷ পুরনিগম সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৫৯টি সংগঠন ওই নাগরিক সভায় রিচাকে সংবর্ধনা জানাতে চলেছে। এই মূহূর্তে হুডখোলা গাড়িতে করে রওনা দিয়েছেন রিচা। তবে মেয়ে ঘরে ফেরায় সবচেয়ে বেশি ব্যস্ত রিচার মা শম্পা ঘোষ৷ মেয়ের আবদার পূরণে সকাল থেকে হেঁশেলে নানা পদের সম্ভার আয়োজন করে চলেছেন তিনি৷ প্রাথমিকভাবে রিচার পছন্দসই ফ্রায়েড রাইস ও চিলি চিকেন বানানোর কথা থাকলেও পরে তা বদল হয়েছে৷ হালকা ডাল-ভাত, শাক সবজি ও পনির দিয়েই মায়ের কাছে মধ্যাহ্নভোজ সারার ইচ্ছেপ্রকাশ করেছেন রিচা, এমনটাই জানিয়েছেন মা শম্পা ঘোষ৷
জানা গিয়েছে, রিচাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। শনিবার আনুষ্ঠানিকভাবে রিচাকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সেখানে উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর। সূত্রের খবর, ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটারকে সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হবে। সেখানে সইও থাকবে সৌরভ ও ঝুলনের।
বিশ্বকাপে সব চেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ধারে কাছেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভালো জাগায় পৌঁছে দেন তিনি।
বিশ্বজয়ের পর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন রিচা সহ পুরো ভারতীয় মহিলা ক্রিকেট দল৷ বিশ্বজয়ের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন ভারতীয় ক্রিকেটাররা৷ নরেন্দ্র মোদিকে বিশেষ জার্সিও উপহার দেয় ভারতীয় দল৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও মিলিত হন ভারতীয় ক্রিকেটাররা৷ রাষ্ট্রপতি ভবনে ভারতীয় ক্রিকেটারদের সই সম্বলিত জার্সি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেন ভারত অধিনায়িকা হরমনপ্রীত কাউর৷
