কলকাতাঃ জীবনটাই বদলে গিয়েছে মাত্র কয়েকদিনে। দম ফেলার সময় নেই তাঁর। তার মধ্যেই মুম্বইয়ে বিশ্বকাপ জয় করে দিল্লিতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আজই শিলিগুড়িতে পৌঁছেছেন রিচা ঘোষ। শনিবার শিলিগুড়ি থেকে কলকাতায় হাজির হচ্ছেন বিশ্বকাপজয়ী প্রথম বাঙালি ক্রিকেটার। বিশ্বকাপ জয়ের পর প্রথমবার কলকাতায় আসছেন তিনি। স্বাভাবিকভাবে রিচাকে নিয়ে প্রবল উৎসাহ রয়েছে। আগামীকাল বিকেল পাঁচটায় বাংলা ক্রিকেট সংস্থা সংবর্ধনা দিতে চলেছে রিচাকে। যেখানে সোনার ব্যাট ও বল দিয়ে সিএবি সংবর্ধিত করবে রিচাকে। ভারতীয় মহিলা দলের উইকেটকিপার ব্যাটারের জন্য থাকছে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও। রাতের দিকের খবর, মহিলাদের বিশ্বকাপ ফাইনালে রিচা করেছিলেন ৩৪ রান। সেই ৩৪ রানের সমতুল্য ৩৪ লক্ষ টাকা দেওয়া হচ্ছে রিচাকে।
ক্রিকেটের নন্দনকাননে রিচার সংবর্ধনার আসরকে কেন্দ্র করে কাল চাঁদের হাট বসতে চলেছে। জানা গিয়েছে, সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীরা থাকছেনই। আর থাকছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে আজই তাঁর হাজির থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসেরও হাজির থাকার কথা। টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও আগামীকাল রিচার সংবর্ধনার আসরে থাকবেন বলে খবর। প্রসেনজিতের সঙ্গে বাংলা সিনেমার আরও একঝাঁক তারকার হাজির থাকার কথা। জানা গিয়েছে, দেব, কোয়েল মল্লিকদের মতো টলিউডের তারকাও রিচার সংবর্ধনা অনুষ্ঠানে হাজির থাকবেন। সিএবি-র এক কর্তা আজ বিকেলে বলছিলেন, ‘রিচা আমাদের গর্ব। ওর সংবর্ধনা অনুষ্ঠানে জাঁকজমকের ত্রুটি রাখছি না আমরা।’
