উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাতে মাছ-মাংসের বদলে হালকা অথচ চটজলদি দারুণ কিছু আমিষ খেতে চাইলে আপনার সেরা পছন্দ হতে পারে ডিম। আর রুটি বা তুলতুলে নরম পরোটার সঙ্গে যদি থাকে মহারাষ্ট্রের নাগপুরি স্বাদের ‘ডিমের সাওজি কারি’, তবে নৈশভোজের আমেজ এক নিমেষে বদলে যাবে। হাতের কাছে সব উপকরণ গোছানো থাকলে মাত্র ২০ মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু পদটি। দেখে নিন সহজ রেসিপি (Recipe)।
উপকরণ:
সেদ্ধ ডিম: ৬টি
আলু: ২টো (ডুমো করে কাটা)
কালো সর্ষে: ১ চা-চামচ
কারিপাতা: ৭-৮টি
পেঁয়াজকুচি: ১ কাপ
হলুদগুঁড়ো: দেড় চা-চামচ
লংকার গুঁড়ো: ১ চা-চামচ
নারকেলবাটা: ১ কাপ
চেরা কাঁচালংকা: ৬-৭টি
ভাজা কাজু: ১২-১৫টি
নারকেলের দুধ: ২ কাপ
ধনেপাতাকুচি: ২ টেবিল চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
তেল ও নুন: স্বাদ ও পরিমাণমতো
প্রণালী:
প্রথমে কড়াইতে পরিমাণমতো তেল গরম করে ডুমো করে কাটা আলু ও সেদ্ধ ডিমগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই কালো সর্ষে ও কারিপাতা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভেজে নিন।
এরপর নারকেলবাটা, চেরা কাঁচালংকা, লংকার গুঁড়ো ও হলুদগুঁড়ো যোগ করে মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত ভালোভাবে কষাতে থাকুন। কষানো মশলায় ভাজা কাজু, পরিমাণমতো নুন এবং নারকেলের দুধ মিশিয়ে ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে ভাজা আলু ও ডিম দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মাঝারি আঁচে রান্না হতে দিন। ঝোল ঘন ও মাখা-মাখা হয়ে এলে উপর থেকে ধনেপাতাকুচি এবং লেবুর রস ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন।
ব্যাস, তৈরি নারকেলের স্বাদ ও সুবাসে ভরা ধোঁয়া ওঠা গরম গরম ডিমের সাওজি কারি। নরম পরোটা বা ফুলকো রুটির সঙ্গে পরিবেশন করুন এই দারুণ পদটি।

