উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির উৎসব বা রবিবারের ভোজ মানেই সাধারণত কচি পাঁঠার ঝোল বা মুরগির রোস্ট। কিন্তু সাধারণের ভিড়ে একটু অন্যরকম স্বাদ পেতে এবার মাংস ছেড়ে বেছে নিতে পারেন গলদা চিংড়ি। পোলাও, ফ্রায়েড রাইস কিংবা নারকেলি ভাতের সঙ্গে এই চিংড়ির রোস্টের জুটি হবে এককথায় অনবদ্য। অতিথি আপ্যায়নে আভিজাত্যের ছোঁয়া আনতে গলদা চিংড়ির এই পদটি কীভাবে বানাবেন? জেনে নিন সহজ প্রণালী।
উপকরণ:
-
বড় সাইজের গলদা চিংড়ি (৫০০ গ্রাম)
-
টক দই (আধা কাপ)
-
আদা-রসুন বাটা (২ টেবিল চামচ)
-
পেঁয়াজ বাটা (১ কাপ) ও পেঁয়াজ বেরেস্তা (আধা কাপ)
-
কাজু ও কিসমিস বাটা (২ টেবিল চামচ)
-
কাঁচা লঙ্কা বাটা (ঝাল অনুযায়ী)
-
শাহী গরম মশলা গুঁড়ো ও জয়ফল-জয়িত্রী গুঁড়ো (সামান্য)
-
ঘি ও সাদা তেল (পরিমাণমতো)
-
নুন ও চিনি (স্বাদমতো)
-
অল্প দুধ বা নারকেলের দুধ (ঐচ্ছিক, গ্রেভি ঘন করতে)
প্রণালী: ১. প্রথমে গলদা চিংড়ি ভালো করে ধুয়ে নুন ও সামান্য হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন (বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়)। ২. ওই তেলের মধ্যেই ঘি দিয়ে পেঁয়াজ বাটা দিন। পেঁয়াজ সোনালি হতে শুরু করলে আদা-রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষাতে থাকুন। ৩. মশলা থেকে তেল ছাড়লে ফেটিয়ে রাখা টক দই, কাজু-কিসমিস বাটা এবং নুন-চিনি দিয়ে নাড়তে থাকুন। ৪. এবার ভাজা চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে দিন। স্বাদ বাড়াতে এক কাপ দুধ বা নারকেলের দুধ যোগ করতে পারেন। ৫. মশলা মাখা মাখা হয়ে এলে ওপর থেকে শাহী গরম মশলা গুঁড়ো, জয়ফল-জয়িত্রী গুঁড়ো এবং পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। ৬. সবশেষে নামানোর আগে এক চামচ ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন কয়েক মিনিট।
তৈরি আপনার রাজকীয় গলদা চিংড়ির রোস্ট। পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
