উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ সকালে সংসার সামলে ছুটতে হয় অফিসে। বাড়িতে ফিরে ছেলে-মেয়ের লেখাপড়ার দিকে চোখ রাখতে রাখতে সেরে ফেলতে হয় রাতের খাবার। সত্যি বলতে সারাদিন এত ধকলের পর মনে হয় খুব সহজে যদি কিছু রান্না করা যেত, তাহলে ভালো হত। যা খুশি তো আবার রান্না করা যাবেও না। স্বাদও তো চাই। তাহলে চলুন দু’য়ের মেলবন্ধন রয়েছে এমন রেসিপি গৃহিণীদের জন্য তুলে ধরি। আজকের পদের নাম ‘হাতে মাখা মাছ।’
উপকরণ: ৫ টুকরো মাছ, ৫-৬ টেবিল চামচ কোরানো পেঁয়াজ, ২ চা চামচ আদাবাটা, ২টি মাঝারি মাপের টম্যাটো বড় বড় টুকরোয় কেটে নেওয়া, ৪-৫ টি কাঁচা লংকা চেরা (স্বাদমতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন),১ চা চামচ হলুদগুঁড়ো, ১ চা চামচ লংকাগুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লংকাগুঁড়ো, ৫-৬ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদমতো নুন, সামান্য চিনি
প্রণালী: কড়াই আঁচে বসানোর আগে তাতে মাছের টুকরোগুলো দিয়ে তার উপর একে একে সমস্ত গুঁড়ো এবং বাটা মশলা, টম্যাটো, কাঁচা লংকা, নুন, চিনি এবং সর্ষের তেল দিয়ে ভাল ভাবে হাতে করে মাখিয়ে নিন। মশলা মাছের গায়ে ভাল করে লাগানো হয়ে গেলে সামান্য জল দিয়ে কড়াই আঁচে বসান এবং মাঝারি আঁচে রান্না হতে দিন। ফুটতে শুরু করলে আরও মিনিট তিনেক রেখে তার পরে মাছের টুকরোগুলোকে উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিন। ঢাকা দিয়ে মাছ পাঁচ-সাত মিনিট হালকা আঁচে রান্না করে আবার ঢাকা খুলে মাছের টুকরো গুলো উল্টে ঢাকা দিয়ে দিতে হবে। এই ভাবে ২০-২৫ মিনিট রান্না করতে হবে। মাছ সেদ্ধ হয়ে গিয়েছে বুঝলে আঁচ বন্ধ করে কিছু ক্ষণ রেখে দিন। তার পরে ভাতের সঙ্গে পরিবেশন করুন।
