উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জন্মাষ্টমী এলে বাঙালির রান্নাঘরে তালের সুবাস ভেসে আসে। জন্মাষ্টমীতে তালের বড়া না হলে যেন উৎসবের আনন্দই অসম্পূর্ণ থেকে যায়। তবে অনেকেই অভিযোগ করেন, কষ্ট করে বানানোর পর বড়া শক্ত হয়ে যায় কিংবা তাতে তেঁতোভাব থেকে যায়। সঠিক পদ্ধতি ও উপকরণের সঠিক মাপ জানা থাকলে এই সমস্যা সহজেই এড়ানো সম্ভব (Recipe)।
প্রয়োজনীয় উপকরণ
তালের শাঁস: ১ কাপ (পাকা তালের)
মিষ্টি: ৩/৪ কাপ (চিনি বা গুড়)
আটা বা চালের গুঁড়ো: ১/২ কাপ
নারকেল কোরা: ১/৪ কাপ
ঘি: ১ চা চামচ
নুন ও বেকিং পাউডার: এক চিমটি করে
তেল: ভাজার জন্য পরিমাণমতো
প্রণালী
তালের বড়ার আসল ম্যাজিক লুকিয়ে থাকে শাঁস বের করার কৌশলে। বড়া তৈরির জন্য সবসময় একদম পাকা ও সুগন্ধি তাল বেছে নিতে হবে। কাঁচা বা আধপাকা তাল ব্যবহার করলে বড়া তেঁতো হয়ে যায়। তালের শাঁস বের করে ছাঁকনি বা সুতির কাপড় দিয়ে ছেঁকে আঁশ আলাদা করে নিতে হবে, এতে বড়া মসৃণ হয়।
একটি পাত্রে তালের শাঁসের সঙ্গে চিনি বা গুড়, আটা বা চালের গুঁড়ো, নারকেল কোরা, এক চিমটি নুন, ঘি এবং বেকিং পাউডার ভালো করে মেখে নিতে হবে। আটা ব্যবহার করলে বড়া নরম হয় এবং চালের গুঁড়ো দিলে সামান্য মুচমুচেভাব আসে। মিশ্রণটি খুব ঘন বা পাতলা না করে মাঝারি রেখে ঢেকে অন্তত ৩০ মিনিট রাখতে হবে।
এরপর কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করে ছোট ছোট গোল আকারে মিশ্রণ ছেড়ে লালচে করে ভেজে তুলে নিতে হবে। বেশি আঁচে ভাজলে ভেতর কাঁচা থাকে আর কম আঁচে ভাজলে শক্ত হয়ে যায়। তেল থেকে তুলে স্বাভাবিকভাবে ঠান্ডা হতে দিলেই তৈরি হয়ে যাবে একদম তুলতুলে ও সুস্বাদু তালের বড়া।

