Recipe | টিফিনে আনুন বদল! সয়াবিনের টিক্কি থেকে পপকর্ন, জেনে নিন তৈরির সহজ পদ্ধতি

Recipe | টিফিনে আনুন বদল! সয়াবিনের টিক্কি থেকে পপকর্ন, জেনে নিন তৈরির সহজ পদ্ধতি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছোটরা সাধারণত কম তেল-মশলার খাবার খেতে চায় না। চিপ্‌স, ফ্রেঞ্চ ফ্রাই বা ঝাল মাংসের প্রতি তাদের ঝোঁক বেশি। কিন্তু প্রতিদিন ভাজাভুজি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই পুষ্টি ও স্বাদ— দুইয়ের ভারসাম্য বজায় রাখতে সয়াবিন দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলের এই তিনটি পদ।

১. সয়াবিন পপকর্ন

সহজেই তৈরি করা যায় এই পদটি। এটি বিকেলের জলখাবারে শিশুদের জন্য দারুণ বিকল্প।

  • পদ্ধতি: প্রথমে সয়াবিন নুন জলে সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিন। এর সঙ্গে আদা-রসুন বাটা, ধনে ও জিরে গুঁড়ো মিশিয়ে নিন। এরপর সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিন।

  • রান্না: এয়ার ফ্রায়ার থাকলে তাতে সামান্য তেল ব্রাশ করে উল্টে-পাল্টে সেঁকে নিন। আর যদি স্বাদ আরও বাড়াতে চান, তবে একটি ডিম ফেটিয়ে সয়াবিনে মাখিয়ে নিন। তারপর ময়দা ও কর্নফ্লাওয়ারের প্রলেপ দিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি সয়াবিন পপকর্ন।

২. গ্রিল্‌ড সয়া কবাব

মাংসের কবাবের মতোই সুস্বাদু হয় এই সয়া কবাব।

  • প্রস্তুতি: জল ঝরানো টক দইয়ের মধ্যে নানা রকম মশলা দিয়ে সয়াবিন কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন।

  • সাজানো: একটি কাঠির (Skewers) মধ্যে ডুমো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপার এবং ম্যারিনেট করা সয়াবিন একে একে গেঁথে নিন।

  • রান্না: সামান্য অলিভ অয়েল স্প্রে করে গ্রিল করে নিতে পারেন। আবার ওভেনে বেক করে বা এয়ার ফ্রায়ারে দিয়েও তৈরি করা যায় এই স্বাস্থ্যকর কবাব।

৩. সয়াবিনের টিক্কি

আলুর টিক্কির বদলে প্রোটিনে ঠাসা এই পদটি ট্রাই করতে পারেন।

  • পদ্ধতি: সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে মিক্সারে ভালো করে বেটে নিন। এর সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ এবং ধনে ও জিরে গুঁড়ো মেশান। বাঁধুনি বা বাইন্ডিংয়ের জন্য কিছুটা বেসন যোগ করুন।

  • রান্না: সব উপকরণ মেখে টিকিয়ার আকার দিন। এবার তাওয়ায় সামান্য তেল দিয়ে উল্টে-পাল্টে লালচে করে সেঁকে নিন। গরম সসের সঙ্গে পরিবেশন করুন সয়াবিনের টিক্কি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *