উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মের দাবদাহে শরীর ও মনকে ঠান্ডা রাখতে আইসক্রিমের জুড়ি মেলা ভার। তবে দোকানের আইসক্রিমে থাকা অতিরিক্ত চিনি ও ক্যালোরি নিয়ে স্বাস্থ্যসচেতনদের চিন্তার শেষ নেই। আর চিন্তা নয়, এবার খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন স্বাস্থ্যকর ও লোভনীয় ‘ডাবের আইসক্রিম’ (Tender Coconut Ice Cream)। মাত্র ৬টি উপকরণেই তৈরি হবে এই দারুণ ডেজার্ট (Recipe)।
উপকরণ:
এই আইসক্রিম তৈরির জন্য লাগবে ২ টি ডাবের শাঁস, ১ কাপ নারকেলের দুধ, ১ কাপ গুঁড়ো দুধ, ১ কাপ ফ্রেশ ক্রিম, ১ কাপ গুঁড়ো চিনি (স্বাদমতো) এবং ৩-৪ ফোঁটা ভ্যানিলা এসেন্স। যারা আরও স্বাস্থ্যকর করতে চান, তাঁরা চিনির বদলে স্টিভিয়া ব্যবহার করতে পারেন।
প্রণালী:
প্রথমে ডাবের শাঁস বের করে নিন। কিছুটা শাঁস কুচিয়ে আলাদা রাখুন এবং বাকিটা মিক্সিতে দিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিন। এবার একটি বড় পাত্রে ডাবের শাঁসের পেস্ট, নারকেলের দুধ, গুঁড়ো চিনি, গুঁড়ো দুধ, ফ্রেশ ক্রিম ও ভ্যানিলা এসেন্স নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর সম্পূর্ণ মিশ্রণটি মিক্সিতে একবার ঘুরিয়ে নিন যাতে কোনও দলা না থাকে এবং মিশ্রণটি একদম মসৃণ হয়।
একটি এয়ারটাইট প্লাস্টিকের টিফিন বক্সে এই মিশ্রণটি ঢেলে দিন। উপরে ছড়িয়ে দিন আগে থেকে কুচিয়ে রাখা ডাবের শাঁস। এবার কৌটোর ঢাকনা ভালো করে বন্ধ করে ফ্রিজারে রেখে দিন অন্তত আট ঘণ্টার জন্য। সময় হয়ে গেলে ফ্রিজার থেকে বের করে স্কুপারের সাহায্যে তুলে পরিবেশন করুন ঘরোয়া উপায়ে তৈরি ডাবের আইসক্রিম।
