প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: রাত পোহালেই রথযাত্রা। আর এই উৎসবকে ঘিরে এখন চূড়ান্ত ব্যস্ততা বর্ধমান শহরের সর্বমঙ্গলা পাড়ার রথশিল্পীদের কারখানায় (Rath Yatra Bardhaman)। দিন-রাত এক করে ছোট-বড় বিভিন্ন মাপের কাঠের রথ তৈরির শেষ মুহূর্তের কাজে ব্যস্ত শিল্পীরা। কোথাও চলছে রঙের শেষ ছোঁয়া, কোথাও সূক্ষ্ম অলঙ্করণ, আবার কোথাও দেওয়া হচ্ছে ফিনিশিং টাচ।
এবারের রথযাত্রাকে সামনে রেখে ২০০ টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের রথ তৈরি হয়েছে। শিশুদের জন্য ছোট রথের পাশাপাশি বড় আকৃতির ও বিশেষ সাজসজ্জায় সজ্জিত রথও নজর কাড়ছে। শিল্পী দিলীপ দাসের কথায়, কয়েক মাসের পরিশ্রম, কাঠ, রং ও বিভিন্ন সাজসজ্জার উপকরণ দিয়ে এই রথগুলো তৈরি করা হয়েছে। প্রতিবারের মতোই নতুন নকশা ও আকর্ষণীয় ডিজাইনের কারণে শিল্পীদের তৈরি রথগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
ইতিমধ্যেই বহু রথের অগ্রিম বুকিং হয়ে গিয়েছে। শুধু পূর্ব বর্ধমান নয়, জেলার বাইরেও পাইকারি ও খুচরো ক্রেতাদের কাছে বর্ধমানের তৈরি এই রথ পৌঁছে যাচ্ছে। বর্ধমানের সর্বমঙ্গলা পাড়ার হাতে তৈরি রথের চাহিদা বরাবরের মতোই তুঙ্গে। ক্রেতাদের মতে, সুন্দর নকশা, মজবুত গঠন এবং সাধ্যের মধ্যে দাম থাকায় প্রতি বছরই বর্ধমানের রথের প্রতি মানুষের বিশেষ আগ্রহ থাকে।
উৎসবের মরশুমে ভালো বিক্রির আশায় রয়েছেন শিল্পীরা। রথযাত্রার ঠিক আগের দিন বর্ধমানের এই রথশিল্পীদের কারখানায় এখন শেষ মুহূর্তের সাজসজ্জার ধুম। সব মিলিয়ে বর্ধমানের সর্বমঙ্গলা পাড়ায় এখন রথ উৎসবের আমেজ তুঙ্গে।

