উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যৌনতা নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে বর্তমানে জনরোষের মুখে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। দেশের একাধিক রাজ্যে তাঁর বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে এফআইআর। নিজের মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। এবার বিতর্কের জেরে সোশ্যাল মিডিয়ায় হুহু করে কমতে শুরু করেছে তাঁর ফলোয়ার (Social media follower)। জানা গিয়েছে, ‘বিয়ারবাইসেপস’ নামে পরিচিত রণবীর এলাহাবাদিয়ার ইনস্টাগ্রামে প্রায় ৫০ হাজার ফলোয়ার কমেছে।
এক তথ্য-চালিত ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্মের তথ্য অনুসারে, গত ৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ইউটিউবারের ‘বিয়ারবাইসেপস’ অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ছিল ৪৫.২৭ লক্ষ। কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার পর ১১ ফেব্রুয়ারি ফলোয়ারের সংখ্যা কমে ৪৪.৮০ লক্ষে দাঁড়িয়েছে। রণবীরের অন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফলোয়ারের সংখ্যা ৩৪.৩৯ লক্ষ থেকে মঙ্গলবার ৩৪.২১ লক্ষে নেমে এসেছে।
সম্প্রতি সময় রায়নার ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ শো-টির এক পর্বে রণবীর এক প্রতিযোগীকে বলেছেন, ‘আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন?’ রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা, সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন। এই পর্বের ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদ শুরু হয় দেশজুড়ে। রণবীর এলাহাবাদিয়ার বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ঘটনার সমালোচনা করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও জানিয়েছেন, রণবীর সহ অনুষ্ঠানে হাজির বাকিদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে তাঁর রাজ্যের পুলিশ।
