রাজগঞ্জ: বৃহস্পতিবার মৃত্যু হল ১৭ বছরের তরতাজা এক কিশোরের। পরিবারের দাবি, ল্যাপ্টোস্পাইরা (Leptospira) এবং হেপাটাইটিস এ (Hepatitis A) রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের ল্যাপ্টোস্পাইরা রিপোর্ট নেগেটিভ এসেছে। মৃত কিশোরের নাম আব্দুল রেজ্জাক আলি। বাড়ি রাজগঞ্জ (Rajganj) ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের গিরানগছ গ্রামে। সে সন্ন্যাসীকাটা হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র।
সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলিতে ছড়িয়ে পড়েছে ল্যাপ্টোস্পাইরা এবং হেপাটাইটিস এ। মৃত কিশোরের বাবা আজগর আলি বলেন, ‘সোমবার থেকে ছেলের জ্বর আসে। সেই সঙ্গে চোখ হলদে হতে শুরু করে। মঙ্গলবার তাকে কালিতলা স্বাস্থ্য শিবিরে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ভর্তি করা হয় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় পরের দিন তাকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (NBMCH)। সেখানেই বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ তার মৃত্যু হয়।’
