শিবশংকর সূত্রধর, কোচবিহার: এসআইআরের (SIR) পক্ষে জনমত তৈরি করতে এবার নগেন রায়কে মাঠে নামাল বিজেপি। রবিবার উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ইমাম, মোয়াজ্জিন সহ ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে কোচবিহারের (Cooch Behar) বড়গিলায় নিজের বাড়িতে বৈঠক করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার নেতা নগেন। সূত্রের খবর, সেখানে ইমাম, মোয়াজ্জিনদের বোঝানো হয়েছে যে, এসআইআর করা হলে ভারতীয় মুসলিমদের কোনও সমস্যা হবে না। বিধানসভা নির্বাচনের আগে নগেন রায়ের এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিভিন্ন সময়ে বিজেপির (BJP) বিরুদ্ধে কথা বলে নগেন ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক তৈরি করেছেন। তাঁর সেসব কথাবার্তায় দলের সঙ্গে দূরত্বও বেড়েছিল। ফলে বিধানসভা নির্বাচনে রাজবংশী ভোট নিয়ে বিজেপি উত্তরবঙ্গে বেকায়দায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে এসআইআর প্রসঙ্গে মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে নগেনের এমন বৈঠক নজিরবিহীন।
স্বভাবতই এসআইআরের পক্ষে প্রচার নিয়ে নগেনের ভূমিকা, মুসলিম সমাজে তাঁর কতখানি প্রভাব- এসব নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। এব্যাপারে প্রশ্ন করা হলে রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন নগেন। কেবল বলেছেন, ‘মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। আমাদের ইতিহাস ও ভৌগোলিক অবস্থান নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা হল।’
নগেন যখন এসআইআর ইস্যুতে ইমাম, মোয়াজ্জিনদের নিয়ে বৈঠক করছেন তখন পিছিয়ে নেই তৃণমূলও। রবিবার একই কায়দায় হলদিবাড়ির বক্সিগঞ্জে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের একটি সভা হয়। যেখানে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় এসআইআরের বিরুদ্ধে সুর চড়ান। এসআইআরের নামে বিজেপি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে ইমাম, মোয়াজ্জিনদের বোঝানো হয়। স্বাভাবিকভাবেই তৃণমূল ও বিজেপি- দুই দলেরই এসআইআর ইস্যুতে ময়দানে নামায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের পার্থপ্রতিম অবশ্য বলেছেন, ‘শান্তি ও সংহতি নিয়ে আমরা আলোচনা সভা করেছি। বিজেপি বিভ্রান্তি ছড়াতে এসআইআর নিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করছে। আমরা তার বিরোধিতা করছি।’
বিজেপি এসআরআইয়ের পক্ষে, আর তৃণমূল শুরু থেকেই তার বিরোধিতা করেছে। কিন্তু বর্তমানে কোচবিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে নগেনের এই ইস্যু নিয়ে বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলে গুরুত্ব পাচ্ছেন না বলে নগেন একাধিকবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন। এমনকি তিনি প্রকাশ্যেই মন্তব্য করেছিলেন, ‘উত্তরবঙ্গে বিজেপিকে দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না।’
সেই নগেনই এসআরআই নিয়ে ময়দানে নামায় বিজেপি বাড়তি অক্সিজেন পাচ্ছে। যদিও তাতে অস্বস্তিতে পড়েছে শাসকদল। বিজেপির কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায় অবশ্য বলেছেন, ‘নগেন রায় আমাদের দলেরই রাজ্যসভার সাংসদ। তিনি বিজেপির পক্ষে কথা বলবেন সেটাই স্বাভাবিক। জিসিপিএ নামে তাঁর একটি সংগঠন রয়েছে। উনি সেই সংগঠনেরও কাজ করেন। এখানে অস্বাভাবিক কিছু নেই।’
