Rajganj | রাস্তায় উঠলেই ধুলোয় নাক-মুখ ভরে আসে

Rajganj | রাস্তায় উঠলেই ধুলোয় নাক-মুখ ভরে আসে

ব্লগ/BLOG
Spread the love


রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ: মগরাডাঙ্গির রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের (Rajganj) পাশে খেলার মাঠ থেকে চেউলিবাড়ি হাট পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ৮ বছর আগে রাস্তাটি শেষবার সংস্কার করা হয়েছিল। বছর চারেক আগেই রাস্তাটির পিচের চাদর সম্পূর্ণ উঠে গিয়েছিল। বর্তমানে সেখানে পাথর সরে গিয়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এই রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে। এর ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করলে ধুলোয় নাক-মুখ ভরে যায়। বিশেষ করে শিশুদের এর জন্য ভীষণ সমস্যা হয়। এই এলাকার লোকজনকে বাইরে কোথাও যেতে হলে এই রাস্তা দিয়েই ফাটাপুকুরে আসতে হয়। প্রতিদিন এই রাস্তা দিয়ে বানিয়াপাড়া, পানিকৌরি, চেউলিবাড়ি সহ প্রায় দশটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। সমস্যায় পড়ছেন গর্ভবতী মহিলা সহ প্রসূতিরাও।

রাস্তার বেহাল দশার জন্য বেজায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। মগরাডাঙ্গি এলাকার বাসিন্দা শুভজিৎ সরকার বলেন, ‘রাস্তাটি নির্মাণের জন্য কয়েকবার আবেদন করা হয়েছে। কিন্তু তারপরও সেটি মেরামত করা হয়নি।’ এলাকার গৃহবধূ প্রতিমা মণ্ডল বলেন, ‘ছোট ছোট বাচ্চাদের সাইকেলে করে স্কুলে নিয়ে যেতে হয়। রাস্তা খারাপ হওয়ায় সাইকেল চালাতে দারুণ সমস্যা হয়। এছাড়া সামান্য হাওয়া বইলে ধুলোয় চোখ-মুখ ভরে যায়।’

স্থানীয় তৃণমূল নেতা দয়াল রায় অবশ্য সমস্যার ব্যাপারটি স্বীকার করে নিয়েছেন। তিনি দাবি করেন, রাস্তার কাজ শীঘ্রই শুরু হয়ে যাবে। এলাকার বিজেপি নেতা তথা রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য নিতাই মণ্ডল বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল। প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আশা করছি, কিছুদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *