রায়পুর: বছর ঘুরলেই ঘরের মাঠে টি২০ বিশ্বকাপের আসর। শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক ভারত। কুড়িকুড়ির বিশ্বযুদ্ধের যে উত্তাপ আরও বাড়িয়ে বুধবার উদ্বোধন হল ভারতের বিশ্বকাপের জার্সি। রায়পুরে অনুষ্ঠিত ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচের ইনিংস ব্রেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জার্সি প্রকাশ্যে আনেন রোহিত শর্মা। সঙ্গে ছিলেন ভারতীয় টি২০ দলের সদস্য তিলক ভার্মা।
স্থানীয় স্কুলের ১০০ জন ছাত্রছাত্রী ভারতীয় দলের টি২০ বিশ্বকাপের জার্সির বিশাল রেপ্লিকা নিয়ে মাঠের মাঝখানে। মাঠের ধারের পোডিয়ামে নতুন আকর্ষণীয় ব্লু জার্সি হাতে কুড়িকুড়ি বিশ্বকাপের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ রোহিত। উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া, সহ সভাপতি রাজীব শুক্লা। বিরাট-স্পেশালের পর বিশ্বকাপ জার্সির প্রথম ঝলক চেটেপুটে নিল হাউসফুল গ্যালারি।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘আমরা প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিলাম ২০০৭ সালে। দ্বিতীয় টি২০ বিশ্বকাপের জন্য দেড় দশকের বেশি সময় (২০২৪) অপেক্ষা করতে হয়েছে। মাঝের লম্বা সময়ে অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু দ্বিতীয়বার ট্রফি হাতে তোলার অনুভূতি স্পেশাল। আসন্ন বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। দলের জন্য শুভেচ্ছা রইল। গোটা দেশ ওদের পাশে আছে। আমাদের বিশ্বাস, সবার সমর্থন ওদের সেরা খেলাটা খেলতে উদ্বুদ্ধ করবে।’
ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি২০ খেলতে বর্তমানে লখনউয়ে রয়েছেন। সহ অধিনায়ক শুভমান গিল বেঙ্গালুরুতে রিহ্যাবে ব্যস্ত। দুইজনের কেউ তাই আজ অনুষ্ঠনে থাকতে পারেননি।
৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত তাঁদের অভিযান শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ফাইনাল ৮ মার্চ। আহমেদাবাদ নাকি কলম্বো, কোথায় খেতাবি যুদ্ধ অনুষ্ঠিত হবে তা নির্ভর করবে পাকিস্তানের ওপর। পাকিস্তান ফাইনালে উঠলে মেগা ম্যাচ হবে কলম্বোতে।
এদিকে, চলতি সিরিজে দুরন্ত ফর্মের সুবাদে ওডিআই র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগোলেন বিরাট কোহলি। শুভমান গিলকে সরিয়ে চার নম্বরে পৌঁছে গেলেন। শীর্ষস্থানে থাকা রোহিতের (৭৮৩ পয়েন্ট) থেকে ৩২ পয়েন্ট পিছিয়ে বিরাট। দুই ভারতীয় তারকার মাঝে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (দ্বিতীয়), আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (তৃতীয়)।
চোটের জন্য মাঠের বাইরে থাকা শ্রেয়স আইয়ার রয়েছেন নবম স্থানে। বোলারদের বিভাগে সেরা দশে একমাত্র ভারতীয় কুলদীপ যাদব (ষষ্ঠ স্থানে)। রবীন্দ্র জাদেজা ১৪ নম্বরে। প্রথম তিন স্থানে রশিদ খান, জোফ্রা আর্চার, কেশব মহারাজ।
