রাহুল দেব, রায়গঞ্জ: পেশায় তিনি পুলিশ হলেও নেশায় লেখক। ইতিমধ্যেই সত্য ঘটনা অবলম্বনে লেখা তাঁর কাহিনীর উপর ভর করে বাংলায় তৈরি হয়েছে সিনেমা। সেই ছবি যথেষ্ট সাফল্যের মুখ দেখেছিল। এবছর ফের রায়গঞ্জের (Raiganj) ভূমিপুত্র দেবাশিস দত্ত চলচ্চিত্রের জন্য কলম ধরলেন। গত বছর ২৭ জুন তাঁর লেখা গল্প নিয়ে মুক্তি পেয়েছিল মৃগয়া : দ্য হান্ট। এবার মৃগয়া ১.৫ ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নতুন ছবিটি মুক্তি পাবে আগামী জুলাইতে। রায়গঞ্জ শহরের রমেন্দ্রপল্লি এলাকার বাসিন্দা দেবাশিস বর্তমানে কলকাতার মানিকতলা থানার ওসির (Maniktala OC) দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিনেমার কাহিনীকার হিসাবেও জনপ্রিয় তিনি।
কয়েক বছর আগে কলকাতা শহরের বুকে এক নাবালিকাকে হেনস্তা ও সেই সংক্রান্ত ঘটনার তদন্ত করতে গিয়ে একের পর এক রহস্য উন্মোচন। তার উপর ভিত্তি করেই এবার নতুন ছবিটির রহস্যের জাল বোনা হয়েছে। পুরো ছবির শুটিংই হয়েছে কলকাতায়। মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়, অর্পণ ঘোষাল ও মীর আফসার আলি। অন্যদিকে নাবালিকার চরিত্রে থাকবেন অনন্যা ভট্টাচার্য। আগের মৃগয়া : দ্য হান্ট-এর মতো এই ছবির পরিচালক ও সংগীত পরিচালক একই রয়েছেন। পরিচালনা করবেন অভিরূপ ঘোষ ও সংগীত পরিচালকের দায়িত্বে থাকবেন রায়গঞ্জের আরেক ভূমিপুত্র রানা মজুমদার। চলচ্চিত্রের কাহিনী সাজানোর পাশাপাশি গান রচনাও হয়েছে দেবাশিসের হাতে। ছবির গান গেয়েছেন ঊষা উত্থুপ ও অন্তরা মিত্র।
দেবাশিস বলেন, “শহরে এক নাবালিকাকে শারীরিক নিগ্রহ করা হয়। সেই ঘটনার তদন্তে অনেক রহস্য উন্মোচন করে তার উপর ভিত্তি করেই নতুন এই চলচ্চিত্রের কাহিনী লেখা হয়েছে। তবে নতুন মৃগয়ায় ‘সাসপেন্স’ বা ‘থ্রিল’ অনেকটাই বেশি থাকবে।” তবে শেষপর্যন্ত অপরাধী ধরা পড়া বা বিশেষ কোনও ঘটনা বিষয়ে দেবাশিস আর তেমন কিছু খোলসা করেননি। তাঁর জবাব, ‘বলে দিলে তো মূল আকর্ষণটাই নষ্ট হয়ে যাবে। তবে দর্শক চোখ সরাতে পারবেন না।’ গত বছরের মৃগয়া : দ্য হান্ট রায়গঞ্জের একটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল। শহরবাসীর তরফে বেশ প্রশংসাও কুড়িয়েছিল ছবিটি। এবার মৃগয়া ১.৫ নিয়েও উচ্ছ্বসিত শহরের সিনেমাপ্রেমীরা। তাপস সরকার নামের এক শিক্ষক বলেছেন, ‘গত বছর মৃগয়া খুব ভালো লেগেছিল। এবার অপেক্ষা করে আছি কবে নতুন ছবিটি মুক্তি পাবে।’ অন্যদিকে দোলা দেবনাথ জানালেন, এমনিতেই সাসপেন্সধর্মী ছবি তাঁর ভীষণ প্রিয়। তার ওপর কাহিনীকার যখন নিজের শহরের তখন তো দেখতে হবেই।
