Raiganj | কনকনে ঠান্ডায় গোয়াল ঘরে ‘বিচিত্র’ অতিথি! কাটিহার গ্রামে হুলস্থুল ফেলে উদ্ধার গন্ধগোকুল

Raiganj | কনকনে ঠান্ডায় গোয়াল ঘরে ‘বিচিত্র’ অতিথি! কাটিহার গ্রামে হুলস্থুল ফেলে উদ্ধার গন্ধগোকুল

ভিডিও/VIDEO
Spread the love


রায়গঞ্জ: কনকনে ঠান্ডা থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিল খড়ের গাদায়। আর তাতেই হুলস্থুল পড়ে গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) ব্লকের ১০ নম্বর মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের কাটিহার গ্রামে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা অশোক সরকারের গোয়াল ঘর থেকে উদ্ধার একটি বিরল প্রজাতির গন্ধগোকুল (Asian Palm Civet)।

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় হঠাৎই অশোকবাবুর গোয়াল ঘরে গোরুগুলো অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। চিৎকার ও ভয়ে ছটফটানি দেখে ছুটে যান অশোকবাবুর দাদা স্বপন সরকার। তিনি দেখেন, খড়ের গাদায় লুকিয়ে আছে এক বিচিত্র প্রাণী। প্রথমে লাঠির ভয় দেখিয়ে সেটিকে তাড়িয়ে দিলেও, ঘণ্টাখানেক পর প্রাণীটি আবারও ফিরে আসে। প্রবল শীতের হাত থেকে বাঁচতেই প্রাণীটি বারবার খড়ের গাদায় নিরাপদ আশ্রয় খুঁজছিল বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি বেগতিক দেখে স্বপনবাবু প্রাণীটিকে কৌশলে একটি বস্তায় বন্দি করেন এবং খবর দেন ‘উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস’ সংস্থাকে। খবর পেয়েই সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়ার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল রাত ন’টা নাগাদ গ্রামে পৌঁছায়। পরীক্ষা করে দেখা যায়, বিচিত্র প্রাণীটি আসলে একটি বিলুপ্তপ্রায় গন্ধগোকুল।

গৌতম তান্তিয়া বলেন, ‘গন্ধগোকুল বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ১ নম্বর তালিকাভুক্ত প্রাণী। বর্তমানে এগুলি প্রায় বিলুপ্তির পথে।’ প্রাণীটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। বন দপ্তর সূত্রে খবর, গন্ধগোকুলটির শারীরিক পরীক্ষা করার পর সেটিকে তার স্বাভাবিক বাসস্থানে অর্থাৎ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *