Raiganj | সরকারি প্রকল্পে কাটমানি আদায়ের অভিযোগ, গ্রেপ্তার গৌরী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান

Raiganj | সরকারি প্রকল্পে কাটমানি আদায়ের অভিযোগ, গ্রেপ্তার গৌরী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান

শিক্ষা
Spread the love


রায়গঞ্জ: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি আদায়ের অভিযোগে গ্রেপ্তার হলেন রায়গঞ্জ (Raiganj) ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমল সিংহ। বৃহস্পতিবার রায়গঞ্জ থানার পুলিশ তৃণমূলের (TMC) এই নেতাকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

অভিযোগ, গৌরী গ্রাম পঞ্চায়েতের ইটাল গ্রামের বাসিন্দা কমল সিংহ পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রাক্তন প্রধান থাকাকালীন আবাস যোজনা ও শৌচালয় প্রকল্পের নাম করে গ্রামবাসীদের থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা করে কাটমানি আদায় করেছিলেন। দীর্ঘদিন পার হয়ে গেলেও ঘর বা শৌচালয় না মেলায় ভুক্তভোগী গ্রামবাসীরা শেষমেশ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুধু আবাস যোজনা নয়, ‘পথশ্রী’ প্রকল্প এবং ‘আমার পাড়া আমার সমাধান’-এর মতো একাধিক সরকারি প্রকল্প বাস্তবায়িত না করেই সরকারি তহবিল থেকে টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত উপপ্রধান।

ঘটনার পর থেকেই গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বঞ্চিত গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছেন। তাঁদের দাবি, অবিলম্বে এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং শুধু টাকা ফেরত নয়, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের অস্বস্তি বেড়েছে। যদিও পুলিশ সুপার ডাঃ সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিচারক তদন্তের স্বার্থে উপপ্রধানকে তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *