উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, ভারত আর রাশিয়ার থেকে তেল (Russian oil) কিনবে না। এমনই আশ্বাস তাঁকে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi)। আর ট্রাম্পের এই দাবি সামনে আসতেই এবার বিরোধী শিবিরের নিশানায় প্রধানমন্ত্রী মোদি।
বৃহস্পতিবার মোদির তীব্র সমালোচনা করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাতে রাহুল লেখেন, ‘প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান।’ তাঁর এই মন্তব্যের যুক্তিও দিয়েছেন তিনি। পয়েন্ট তুলে ধরে কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘এক, ভারত রাশিয়ার তেল কিনবে না সেই সিদ্ধান্ত নেওয়ার ও ঘোষণা করার অনুমতি ট্রাম্পকে দিয়ে রেখেছেন মোদি। দুই, বারবার প্রত্যাখ্যান হওয়া সত্ত্বেও ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠাতে থাকেন। তিন, অর্থমন্ত্রীর আমেরিকা সফরও বাতিল করে দেওয়া হয়েছে। চার, শার্ম আল-শেখে হামাস-ইজরায়েল শান্তি চুক্তির অনুষ্ঠানও এড়িয়ে গিয়েছেন। পাঁচ, অপারেশন সিঁদুর নিয়ে ট্রাম্পের দাবির বিরোধিতা করেন না।’ যদিও ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি বারবার খণ্ডন করেছে কেন্দ্র।
উল্লেখ্য, বুধবারই হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা ভারতের অব্যাহত রাখা নিয়ে প্রধানমন্ত্রী মোদির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘আমি খুশি ছিলাম না যে ভারত তেল কিনছে। কিন্তু তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আজ আমাকে আশ্বস্ত করেছেন যে, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। এটি একটি বড় পদক্ষেপ। এখন আমরা চিনকেও একই কাজ করতে বাধ্য করব।’ মোদিকে ‘বন্ধু’ বলেও উল্লেখ করেন ট্রাম্প। আর এবার রুশ তেল নিয়ে ট্রাম্পের এই দাবিকেই হাতিয়ার করে আসরে নামলেন রাহুল।
