Rahul Gandhi | ভারতে নির্বাচনি প্রক্রিয়ায় শতভাগ কারচুপির বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধির, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশের গণতান্ত্রিক কাঠামো এবং নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। সম্প্রতি নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া এবং দুই নির্বাচন কমিশনারের আপত্তি সংক্রান্ত বিতর্ক সামনে আসার পর খাস দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখান থেকেই ১০০ শতাংশ নিশ্চিতভাবে দেশের নির্বাচন ব্যবস্থায় কারচুপি চলছে বলে বিস্ফোরক দাবি করেছেন কংগ্রেস সাংসদ। এমনকি দেশের সংবিধান ও গণতান্ত্রিক স্তম্ভ ধ্বংস করার জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) সরাসরি দায়ী বলে অভিযোগ তুলে তাঁর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন তিনি।

সাংবাদিক বৈঠকে নিজের বক্তব্যে রাহুল গান্ধি জানান যে, ভোটারদের ভোটই হল ভারতীয় সংবিধানের মূল ভিত্তি। সেই ভোট সুরক্ষিত রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের (ECI) হলেও বর্তমান কমিশনের জমানায় সেই অধিকার থেকেই নাগরিকদের বঞ্চিত করা হচ্ছে। তাঁর স্পষ্ট বক্তব্য, ভোট নষ্ট হলে সংবিধান তার শক্তি হারায়, আইন অবৈধ হয়ে পড়ে এবং দেশের সমস্ত প্রাতিষ্ঠানিক পরিকাঠামো অর্থহীন হয়ে দাঁড়ায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচন সহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে পরিকল্পিতভাবে ভোট চুরির চেষ্টা হয়েছে এবং এর পেছনে বড়সড়ো ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তিনি। জ্ঞানেশ কুমারের এই কর্মকাণ্ডকে সরাসরি দেশের বিরুদ্ধে অপরাধ বলে তোপ দেগেছেন কংগ্রেস নেতা।

দুই নির্বাচন কমিশনারের আপত্তির প্রসঙ্গ টেনে রাহুল দাবি করেন যে, কংগ্রেস যখন মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচনে ভোট চুরির বিষয়টি তুলেছিল, তখন থেকেই বাকি দুই কমিশনারও সিইসি-র বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো শীর্ষ নেতৃত্ব এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে থেকে কমিশনকে রক্ষা করে চলেছেন এবং দেশের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিচ্ছেন। বিরোধী দলগুলির নেতাদের লক্ষ্য করে ভোটার তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়েছে বলেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাশাপাশি, গণতন্ত্রে স্বাভাবিক প্রতিষ্ঠান বিরোধিতা বা সরকার বিরোধী হাওয়া কেন বিজেপির ক্ষেত্রে কাজ করছে না, তা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন রাহুল। হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের রাজনৈতিক পরিসংখ্যান টেনে তিনি দাবি করেন যে, উত্তর কোরিয়া বা সাদ্দাম হোসেনের ইরাকের মতো অবস্থা তৈরি করে দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের অন্দরে দুই কমিশনারের ১৪ বার আপত্তি এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে যখন রাজনৈতিক পারদ চড়ছে, ঠিক তখনই রাহুল গান্ধির এই মন্তব্য নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানানো হয়েছে যে কমিশনের সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে। তা সত্ত্বেও কংগ্রেসের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের মতো একাধিক বিরোধী নেতা এই ইস্যুতে সিইসি-র অপসারণ এবং ভোটার তালিকা সংশোধনের দাবি তুলেছেন। আগামীদিনে এই নিয়ে দলের পরবর্তী কৌশল নির্ধারণ করতে আগামী ২৯ সেপ্টেম্বর দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি বৈঠকও ডাকা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *