PWD Schedule | ৯ বছর পর সরকারি কাজের নতুন রেট, সন্তোষ প্রকাশ ঠিকাদার মহলের

PWD Schedule | ৯ বছর পর সরকারি কাজের নতুন রেট, সন্তোষ প্রকাশ ঠিকাদার মহলের

শিক্ষা
Spread the love


তন্দ্রা চক্রবর্তী দাস, কোচবিহার: দীর্ঘ ৯ বছর পর পশ্চিমবঙ্গে সরকারি নির্মাণকাজের ‘রেট চার্ট’ বা মূল্যতালিকা সংশোধন করা হচ্ছে। পূর্ত দপ্তর (পিডব্লিউডি) গত ৭ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করে অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে (PWD Schedule)। নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যে সরকারি রাস্তা, সেতু ও ভবন নির্মাণের ক্ষেত্রে পিডব্লিউডির ‘শিডিউল অফ রেট’ চূড়ান্ত মানদণ্ড হিসেবে গণ্য হবে, যার আওতায় থাকবে জাতীয় সড়কও। বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই তালিকা নিয়মিত যাচাই ও প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত দপ্তরের ‘শিডিউল অফ রেটস কমিটি’কে। দীর্ঘদিনের পুরোনো রেটে কাজ করতে গিয়ে ঠিকাদাররা যে আর্থিক সমস্যায় ভুগছিলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে তা দূর হবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৭-’১৮ সালের পর এই প্রথম রাজ্যে ‘শিডিউল অফ রেট’ সংশোধন করা হল। দীর্ঘ সময় ধরে নির্মাণসামগ্রীর দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় পুরোনো রেটে বাস্তবসম্মত ব্যয়বরাদ্দ বা এস্টিমেট তৈরি করা কঠিন হয়ে পড়ছিল। এখন থেকে সিপিডব্লিউডির নিয়ম মেনে এ রাজ্যের রাস্তা, জাতীয় সড়ক ও সেতুর কাজ পরিচালিত হবে। অন্যদিকে, ভবন বা বিল্ডিং ও অন্যান্য নির্মাণকাজের ক্ষেত্রে ‘দিল্লি শিডিউল অফ রেটস’ (ডিএসআর) অনুসরণ করা হবে। পূর্ত দপ্তরের আধিকারিকদের বক্তব্য, নতুন এই রেট চার্টের ফলে সরকারি প্রকল্পগুলির কাজে গতি আসবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।

সরকারের নতুন এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে রাজ্যের ঠিকাদার মহল। ফেডারেশন অফ কনট্রাক্টর অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান শুভাশিস ঘোষ সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। এত বছর ধরে আমাদের ২০১৭-’১৮ সালের পুরোনো রেটে কাজ করতে হচ্ছিল। তৃণমূল সরকার এই বিষয়ে নজর না দেওয়ায় অনেক ক্ষেত্রেই কাজের মান ও স্বচ্ছতা বজায় রাখা কঠিন হয়ে পড়ছিল। বর্তমান সরকার বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রেট চালু করায়, কাজের গুণগত মান বৃদ্ধি পাবে। তবে সঠিক মূল্য পাওয়ার পরও যদি কোথাও কাজের গাফিলতি দেখা যায়, তবে সরকার যেমন কঠোর ব্যবস্থা নেবে, তেমনই আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *