উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রথযাত্রার পুণ্য লগ্নেই ওডিশার (Odisha) পুরীতে (Puri Rath Yatra 2026 Tragedy) ঘটে গেল এক মর্মান্তিক বিপর্যয়। বৃহস্পতিবার মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে তোলার সময় বড় দণ্ডে (Bada Danda) ভিড়ের চাপে দমবন্ধ হয়ে মৃত্যু হয় এক ভক্তের। ভিড়ের চাপে আরও ১২০ জন পুণ্যার্থী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। উৎসবের আনন্দমুহূর্ত নিমেষের মধ্যে এক চরম বিষাদে পরিণত হওয়ায় গোটা পুরধাম জুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাসির বাড়ি অর্থাৎ গুণ্ডিচা মন্দিরের অভিমুখে তিন ঠাকুরের বার্ষিক রথযাত্রা চাক্ষুষ করতে এদিন সকাল থেকেই পুরীতে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। সকাল থেকেই উপকূলবর্তী ওডিশায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই ভক্তরা ভিড় জমিয়েছিলেন বড় দণ্ডে। দুপুরের পর যখন রথ টানা শুরু হয়, তখনই ভিড়ের চাপে আচমকা এক দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। চাকা ঘোরার উদ্দীপনার মাঝেই লাইনে দাঁড়িয়ে থাকা এক ভক্ত আচমকা সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
সেখানে কর্তব্যরত পুলিশ কর্মী ও আপদকালীন উদ্ধারকারী দল কালবিলম্ব না করে ওই ভক্তকে উদ্ধার করে পুরী জেলা সদর হাসপাতালে (DHH) নিয়ে যায়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে পৌঁছানো মাত্রই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত ভিড়ে অক্সিজেনের অভাব ও দমবন্ধ হওয়ার কারণেই এই অঘটন ঘটেছে। তবে মৃত ভক্তের নাম-পরিচয় বা তিনি ভারতের কোন রাজ্য থেকে এসেছিলেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। প্রশাসন তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে আহত হওয়া অন্যান্য ভক্তদেরও উদ্ধার করে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে জরুরি বিভাগের মেডিকেল টিম।
The Particular Rescue Unit (SRU) of the Odisha Fireplace & Emergency Providers has safely rescued 33 devotees from heavy crowd congestion since this morning.
The rescued devotees had been instantly supplied with first assist and oxygen help earlier than being shifted to close by hospitals for… pic.twitter.com/ulSFYKcjl7
— Odisha Police (@odisha_police) July 16, 2026
ঘটনার খবর পেয়েই ওডিশা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং আপদকালীন বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে এবং কোন জায়গায় সুরক্ষাবিধিতে ফাঁক ছিল, তা খতিয়ে দেখছেন তাঁরা। তবে এই দুর্ঘটনা নিয়ে প্রশাসনের শীর্ষ স্তরের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০২৬ সালের এই বার্ষিক রথযাত্রাকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছে পুরীতে। প্রবল বৃষ্টিপাত সত্ত্বেও ভক্তদের ভক্তি ও উৎসাহে কোনও খামতি ছিল না। কিন্তু এই আকস্মিক মৃত্যু উৎসবের রেশ অনেকটাই ম্লান করে দিল।

