পুন্ডিবাড়ি: এক গৃহবধূর গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ি (Pundibari) থানার অন্তর্গত চকচকা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই গৃহবধূর নাম অর্পিতা সিংহ (২৩)। এক পুত্র সন্তানকে নিয়ে চকচকা এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন তিনি। তাঁর বাড়ি খাপাইডাঙা কালজানি এলাকায়। স্বামী কর্মসূত্রে দিনহাটায় থাকেন।
জানা গিয়েছে, রবিবার গভীর রাত আনুমানিক সাড়ে ৩টে নাগাদ ওই গৃহবধূর ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান বাড়ির মালিক। এরপর বাড়ির মালিকের স্ত্রী এবং মেয়ে ঘরে যেতেই দেখনে রক্তাক্ত অবস্থায় গৃহবধূর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। এরপর গৃহবধূর দেহ উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুন্ডিবাড়ি থানা সূত্রে খবর, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে।
