অরুণাভ বাগচী, জলপাইগুড়ি: মাধ্যমিক (Profession after Madhyamik) শেষ। বেশকিছু পড়ুয়া এখনও পরীক্ষা শেষের ছুটি কাটাচ্ছে। ছুটির মেজাজে থাকলেও মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে কিন্তু জীবনের পরবর্তী পদক্ষেপ নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা আছে। বন্ধুদের সঙ্গে আড্ডা বা খেলার মাঠে যখন তারা একত্রিত হচ্ছে তাদের আলোচনার সিংহভাগ জুড়ে থাকছে জীবনের পরবর্তী ধাপ নিয়ে পরিকল্পনা। জয়েন্ট এনট্রান্স বা নিটের মতো সর্বভারতীয় পরীক্ষায় অংশগ্রহণের প্রসঙ্গের পাশাপাশি পড়ুয়াদের আলোচনায় থাকছে পারফর্মিং আর্টও। পারফর্মিং আর্টের বিভিন্ন বিষয় নিয়ে পড়ুয়ারা খোঁজখবর করছে। অনেকে পড়ুয়াই পড়াশোনার পাশাপাশি গান, নাচ বা আবৃত্তি শেখে, সেই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করার কথাও থাকছে তাদের আলোচনায়।
নব্বইয়ের দশক বা তার পরেও একটা সময় পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই অভিভাবকরা তাঁদের সন্তানদের টাইপ রাইটিং বা কম্পিউটার শিখতে পাঠাতেন। বর্তমানে স্কুলেই কম্পিউটার শেখানো হয়। ফলে মাধ্যমিকের আগেই ছাত্রছাত্রীরা কম্পিউটার সম্পর্কে অনেকটাই জেনে যাচ্ছে। তাই মাধ্যমিক পরীক্ষার পর পড়ুয়ারা এখন কম্পিউটার কোর্সে ভর্তি না হয়ে ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করলে অর্থোপার্জনের পথ সুগম হবে সেই বিষয়ে মনোনিবেশ করছে।
বুধবার দুপুরে মাধ্যমিক পরীক্ষার্থী দুই যমজ বোন প্রিয়াংকা ও পারমিতা গোস্বামী নাচ শিখে বাড়ি ফিরছিল। পারমিতা বলে, ‘ভবিষ্যতে আমার নাচ নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে। মাধ্যমিকের সময় পড়াশোনার চাপ বেড়ে যাওয়ায় কিছুদিন নাচ শেখা বন্ধ করেছিলাম। মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পর থেকে আবার নাচের ক্লাসে যাওয়া শুরু করেছি।’
পারফর্মিং আর্টের শিক্ষক সুজাত কর বলেন, ‘সময়ের সঙ্গে ট্রেন্ড বদলেছে। অভিভাবকরা এখন তাঁদের সন্তানকে পারফর্মিং আর্টের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে উৎসাহিত করছেন। পনেরো বছর আগেও খুব বেশি ছাত্রছাত্রী এই ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করার সাহস পেত না। কিন্তু এখন পারফর্মিং আর্টের বিভিন্ন বিষয়ে নিয়ে পড়াশোনা করে অনেকেই প্রতিষ্ঠিত হচ্ছে। অনেকেই মাধ্যমিকের পর আমার কাছে আবৃত্তি এবং গান শিখতে আসছে।’
তবে শুধু পারফর্মিং আর্টই নয়, অনেক পড়ুয়াই তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে এগোতে চাইছে। তবে সেখানেও চিরাচরিত গতের বাইরে যাওয়ার ট্রেন্ড লক্ষ করা গিয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থী দেবজিৎ বর্মন ও শুভঙ্কর রায় ভবিষ্যতে অ্যানিমেশন নিয়ে পড়তে চায়। শুভঙ্কর বলে, ‘আমি ভবিষ্যতে অ্যানিমেশন নিয়ে পড়তে চাই। এই ছুটিতে ইন্টারনেটে অ্যানিমেশন সংক্রান্ত বিভিন্ন কোর্সের ব্যাপারে খোঁজ নিচ্ছি।’
