উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আগামী মাসে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠিত হতে চলা এফআইএইচ (FIH) বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও নারী হকি দলের নীল পোশাক বদলে গেরুয়া জার্সি ব্যবহারের সিদ্ধান্ত ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়েছে। এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং আরএসএস (RSS)-কে নিশানা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। বৃহস্পতিবার তিনি বলেন, ‘সরকার চাইলেই পোশাক কিংবা ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু দেশের মূল চেতনা ও মূল্যবোধকে পরিবর্তন করা অসম্ভব।’
সংসদ ভবন চত্বরে প্রিয়াঙ্কা বলেন, ‘তারা পোশাক পরিবর্তন করতে পারে, শিক্ষা নীতির মাধ্যমে ইতিহাস পরিবর্তনের চেষ্টা করতে পারে, তারা যা খুশি করতে পারে, কিন্তু এ নিয়ে তরুণ প্রজন্ম কী ভাবছে তা আপনারা দেখেছেন।’ যন্তরমন্তরে জমায়েত হওয়া শিক্ষার্থীদের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, ‘যন্তরমন্তরে যে যুব সমাজ একত্র হয়েছিল, ওটাই দেশের কণ্ঠস্বর।’
দেশের স্বাধীনতা সংগ্রাম সত্য ও অহিংসার ওপর ভিত্তি করে মহাত্মা গান্ধির নেতৃত্বে পরিচালিত হয়েছিল, উল্লেখ করে প্রিয়াঙ্কা দাবি করেন, এই লড়াইতে আরএসএসের কোনও ভূমিকা ছিল না। তাঁর কথায়, ‘এই দেশের আত্মা সত্য, অহিংসা এবং ভ্রাতৃত্ববোধে পরিপূর্ণ, তা কেউ বদলাতে পারবে না।’ তিনি আরও যোগ করেন, ‘তারা যতই হিংসা, ঘৃণা ও বিভাজন ছড়াক না কেন, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যে ভরা দেশের আত্মাকে পরিবর্তিত করা যাবে না।’
উল্লেখ্য, বিশ্বকাপের নতুন জার্সি প্রকাশ করে হকি ইন্ডিয়া দাবি করেছে, পোশাকের এই নকশা ও রঙ ভারতের গর্বের গল্প ফুটিয়ে তোলে। তাদের মতে, গেরুয়া রঙ সাহস, ত্যাগ ও জয়ের প্রতীক এবং এটি জাতীয় পতাকারও অংশ।
তবে এই সিদ্ধান্তের প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক বীরেন রাসকিনহা। সোশ্যাল মিডিয়া এক্সে তিনি লেখেন, ‘আমাকে বলতেই হচ্ছে হকি ইন্ডিয়া অনেক ভালো কাজ করেছে… তবে এটি অত্যন্ত অস্বস্তিকর। ভারতীয় দলের ঐতিহ্য ও পরিচয় সর্বদা নীল রঙের। বহু বছর আমি গর্বের সঙ্গে নীল জার্সি পরেছি। ভক্তরা আমাদের ভারতীয় দলকে নীল পোশাকেই দেখতে চান। কমলা রঙের যুক্তি কী?’

