উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডে (Bollywood) চুটিয়ে কাজ করার পর হলিউডেও (Hollywood) নিজের জায়গা তৈরি করেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া (Priyanka Chopra)। বিদেশের মাটিতে পপ তারকা নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে সংসারও পেতেছেন তিনি। কোল আলো করে এসেছে সন্তান মালতী। তবে বিদেশে থাকলেও নিজের সংস্কৃতিকে ভুলে যাননি ‘দেশি গার্ল’। নিজের দেশের সমস্ত উৎসব নিয়ম মেনে পালন করেন অভিনেত্রী। ঠিক সেভাবেই সব রীতি মেনে এইবছরের করবা চৌথের (Karva Chauth) আয়োজন করলেন প্রিয়াংকা।
করবা চৌথের আগে হাত ভরে মেহেন্দি পরেন প্রিয়াংকা। তাতে হিন্দিতে স্বামীর নামও লিখলেন। নিকের সম্পূর্ণ নাম ‘নিকোলাস’ হাতের উপর লেখেন প্রিয়াংকা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। শুধু নিজেই নন, সঙ্গে মেয়ে মালতীর হাতেও দেখা যাচ্ছে মেহেন্দির সুন্দর কারুকার্য।
২০১৮ সালে নিক ও প্রিয়াংকার সম্পর্কের সূত্রপাত। ওই বছরই তাঁদের চার হাত এক হয়। যোধপুরের উমেদ ভবনে বসেছিল তাঁদের বিয়ের আসর। হিন্দু ও খ্রিষ্টান রীতি মেনে হয়েছিল বিয়ে। এরপর ২০২২ সালে তাঁদের কোলজুড়ে আসে সন্তান মালতী। সারোগেসির সাহায্যে মা হন প্রিয়াংকা।
