উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ডায়মন্ড হারবারের তরুণ সিপিএম নেতা প্রতিকুর রহমানকে (Pratikur Rahaman) ঘিরে তৈরি হওয়া জল্পনায় এবার মুখ খুললেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। একদিকে প্রতিকুরকে হারানোকে ‘সন্তানের মৃত্যু’র সঙ্গে তুলনা করে আবেগ প্রকাশ করলেও, অন্যদিকে দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি। সেলিমের ইঙ্গিত— আবেগ নয়, সংগঠনের নীতিই শেষ কথা।
এদিন সাংবাদিক সম্মেলনে প্রতিকুর প্রসঙ্গে প্রশ্ন উঠতেই মহম্মদ সেলিমের বিরক্তি ছিল চোখে পড়ার মতো। তিনি সাফ বলেন, “আমি কারও শুনানির বিচারক নই। সাংবাদিক বৈঠক রায় দেওয়ার জায়গা নয়।” তবে পরে বিষয়টি খোলসা করে তিনি জানান, গত দেড়-দু’মাস ধরে প্রতিকুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল এবং দলের অভ্যন্তরীণ কমিটি তা খতিয়ে দেখছে।
প্রতিকুর তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন কি না, এমন প্রশ্নে সেলিম জানান যে তিনি সংবাদমাধ্যম থেকেই এমনটা জানতে পেরেছেন। তাঁর কথায়, “প্রতিকুরের ব্র্যান্ড ভ্যালু সিপিএম থেকেই তৈরি হয়েছে। এমন কর্মীকে হারানো সন্তানের মৃত্যুর মতো বেদনার।” তবে পরক্ষণেই তাঁর সংযোজন, “মা সন্তানের মৃতদেহ আগলে রাখে, এটা সায়েন্টিফিক নয়।” রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে সেলিম বুঝিয়ে দিলেন যে প্রতিকুর দল ছাড়লে সিপিএম তাঁকে আটকানোর জন্য মরিয়া হবে না।
সপ্তাহের শুরুতে ডায়মন্ড হারবারের এই তরুণ মুখ দলের শীর্ষ নেতৃত্বের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করে পদত্যাগের চিঠি দেন। সেই চিঠি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মাধ্যমে প্রকাশ্যে আসায় বিড়ম্বনায় পড়ে আলিমুদ্দিন। প্রতিকুর নিজেও প্রশ্ন তোলেন, তাঁর ব্যক্তিগত চিঠি দলের অন্দর থেকে বাইরে গেল কীভাবে?
সদ্য সমাপ্ত সিপিএমের রাজ্য সম্মেলনেও প্রতিকুরকে ডাকা হয়নি। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, তাঁর লড়াই নির্দিষ্ট কয়েকজন নেতার বিরুদ্ধে। এখন দেখার, এই তরুণ তুর্কি শেষ পর্যন্ত ঘাসফুল শিবিরে নাম লেখান নাকি নির্দল হিসেবে নিজের লড়াই জারি রাখেন।
