উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তরপ্রদেশের রাজনীতিতে বড়সড়ো শোকের ছায়া। প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) কনিষ্ঠ পুত্র প্রতীক যাদব (Prateek Yadav)। বুধবার ভোরে লখনউয়ের (Lucknow) সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। তিনি সপা প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) ভাই এবং বিজেপি নেত্রী অপর্ণা যাদবের স্বামী।
সূত্রের খবর, প্রতীক গত বেশ কিছু সময় ধরে অসুস্থ ছিলেন। কয়েক সপ্তাহ আগে লখনউয়ের হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সেই সময় অখিলেশ যাদবও তাঁকে দেখতে গিয়েছিলেন। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বুধবার ভোর ৬টা নাগাদ আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিভিল হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে পুলিশি নজরদারিতে তাঁর মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও প্রতীক কখনও সক্রিয় রাজনীতিতে আসেননি। ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি রিয়েল এস্টেট এবং ফিটনেস ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছিলেন। লখনউতে তাঁর একটি জিমও রয়েছে। শরীরচর্চার পাশাপাশি পশুপ্রেমী হিসেবেও তাঁর পরিচিতি ছিল। ‘জীব আশ্রয়’ নামক সংস্থার মাধ্যমে তিনি রাস্তার কুকুরের সেবা ও চিকিৎসার কাজ করতেন।
তাঁর অকাল প্রয়াণে যাদব পরিবারে শোকের আবহ তৈরি হয়েছে। স্ত্রী অপর্ণা যাদব বর্তমানে উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন। পরিবারের এই কঠিন সময়ে সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।
