উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিহারে বিধানসভা নির্বাচনে লড়বেন না বলে জানালেন প্রশান্ত কিশোর (পিকে)। মঙ্গলবার রাতে জন সুরজ পার্টি রাঘোপুর বিধানসভা আসনে চঞ্চল সিংকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। প্রশান্ত কিশোর যে নির্বাচনে লড়বেন না, তা এতেই স্পষ্ট হয়ে গিয়েছে। তাঁর দাবি, নির্বাচনে নীতীশ কুমারের দল ২৫টি আসনও পাবে না।
এবারই প্রথম বিহার বিধানসভা নির্বাচনে লড়বে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি। জল্পনা চলছিল ভোটে প্রার্থী হতে পারেন তিনি। তবে কিশোর একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবং বরং সাংগঠনিক কাজে মনোনিবেশ করবেন। পিকে আগেই জানিয়েছিলেন, তিনি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তাঁর নিজ নির্বাচনী এলাকা কারগাহার অথবা আরজেডির শক্ত ঘাঁটি রাঘোপুর থেকে তা করবেন। প্রথম তালিকায় জন সুরজ কারগাহার থেকে রিতেশ রঞ্জন (পান্ডে)-কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে, গত রাতে রাঘোপুর আসনে চঞ্চল সিংকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দল। কিশোর যে নির্বাচনে লড়বেন না, তা এতেই স্পষ্ট হয়ে গিয়েছে।
মঙ্গলবার সকালে পিকে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ‘জন সুরজ সিদ্ধান্ত নিয়েছে যে আমার সাংগঠনিক কাজে মনোনিবেশ করা উচিত, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।’ বিহারে ৬ এবং ১১ নভেম্বর বিধানসভা নির্বাচন। ১৪ নভেম্বর ফল ঘোষণা।
