উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কর্মক্ষেত্রে কম্পিউটারের সামনে বসে কাজ করার সময় হঠাৎ মাথায় যন্ত্রণা শুরু হওয়া বেশ পরিচিত এক সমস্যা। সাময়িক স্বস্তির জন্য অনেকেই ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন, তবে এই যন্ত্রণার অন্যতম প্রধান কারণ হতে পারে আপনার চুল বাঁধার ভুল ধরন।
অতিরিক্ত টেনে পনিটেল বা খোঁপা বাঁধার কারণে মাথায় তীব্র চাপ সৃষ্টি হয়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ‘পনিটেল হেডেক’ বা ‘এক্সটারনাল ট্র্যাকশন হেডেক’ বলা হয় (Ponytail Headache)। চিকিৎসকরা জানিয়েছেন, অনভিপ্রেতভাবে চুল অতিরিক্ত শক্ত করে বাঁধার ফলে মাথার স্নায়ু ও পেশিতে টান পড়ে এবং ব্যথা শুরু হয়। কেবল চুলের বাঁধনই নয়, রাইড করার সময় খুব বেশি আঁটোসাঁটো হেলমেট পরা বা তার স্ট্র্যাপ শক্ত করে বাঁধা থাকলেও একই ধরনের ব্যথা দেখা দিতে পারে।
সাধারণত পনিটেল, খোঁপা বা হেলমেট খুলে ফেললে কিছুক্ষণ পর এই ব্যথা স্বতঃস্ফূর্তভাবেই কমে যায়। তবে বাঁধন আলগা করার পরও যদি যন্ত্রণা এক ঘণ্টার বেশি সময় স্থায়ী হয়, তবে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
নিয়মিত মাথার যন্ত্রণা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা:
ঢিলেঢালা বাঁধন: চুল বাঁধনের সময় অতিরিক্ত টান না দিয়ে কিছুটা আলগা বা ঢিলে করে পনিটেল ও খোঁপা বাঁধুন।
সঠিক হেলমেট নির্বাচন: হেলমেট কেনার সময় তা মাথার মাপ অনুযায়ী সঠিক রয়েছে কি না তা যাচাই করে নিন, খুব ছোট বা শক্ত হেলমেট ব্যবহার থেকে বিরত থাকুন।
মাঝেমধ্যে চুল খোলা রাখা: কাজের ফাঁকে সুযোগ বুঝে চুল কিছুক্ষণের জন্য খোলা রেখে মাথার স্নায়ুকে বিশ্রাম দিন।
নিয়মিত মাথা ব্যথার পেছনের কারণ খুঁজে না পেলে খেয়াল রাখুন দৈনন্দিন এই অভ্যাসে কোনও ভুল হচ্ছে কি না। সামান্য সচেতনতাই আপনাকে এনে দিতে পারে বড় স্বস্তি।

