উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বুধবার সকাল থেকেই দেশ-বিদেশ থেকে শুভেচ্ছাবার্তায় (Birthday needs) ভরিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। এই তালিকায় রয়েছেন বলিউড তারকারাও (Bollywood star)। শাহরুখ, সলমন, আমির খান থেকে শুরু করে আলিয়া ভাট, অজয় দেবগন সহ আরও অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মোদিকে।
এদিন একটি ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে গিয়ে শাহরুখ (Shah Rukh Khan) বলেন, ‘আজ প্রধানমন্ত্রী মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আমি তাঁকে শুভেচ্ছা জানাই। একটি ছোট শহর থেকে এসে বিশ্বমঞ্চে আপনার যাত্রা খুবই অনুপ্রেরণাদায়ক। এই যাত্রায় আপনার শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি নিষ্ঠা দেখা যায়। ৭৫ বছর বয়সে আপনার শক্তি আমাদের মতো তরুণদেরও ছাড়িয়ে যায়। আমি প্রার্থনা করি আপনি সর্বদা সুস্থ এবং সুখী থাকুন।’
বলিউডের ভাইজান সলমন খানও (Salman Khan) এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।’
আমির খানও জন্মদিনের শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, স্যার। আমাদের জাতির অগ্রগতিতে আপনার অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি আমাদের দেশকে এভাবেই আগামীতে এগিয়ে নিয়ে যান এই প্রার্থনা করি।’
প্রবীণ অভিনেতা অনুপম খেরও জন্মদিনের শুভেচ্ছায় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা স্মরণ করেছেন। তিনি লিখেছেন, ‘আমি সত্যিই আপনার দ্বারা অনুপ্রাণিত হই। তবে কেবল একজন প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন ব্যক্তি এবং একজন পথপ্রদর্শক হিসেবে।’
অন্যদিকে, বলি পরিচালক-প্রযোজক করণ জোহরও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘শক্তি, সাহস এবং সংকল্প’-এর প্রতীক বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে অভিনেত্রী আলিয়া ভাটও লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার নেতৃত্ব আমাদের মহান জাতির ভবিষ্যতকে রূপ দিতে এবং আমাদের আরও অগ্রগতির দিকে নিয়ে যেতে থাকুক।’ অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতও জন্মদিনের দিন মোদিকে ‘সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যা দিয়েছেন।
