উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় শনিবার তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হেলিকপ্টার। তা ফিরে এসেছে কলকাতা বিমানবন্দরে। প্রতিকূল আবহাওয়ায় তিনি তাহেরপুরে উপস্থিত থাকতে না পারায় তাঁর পরিবর্তে উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৩ হাজার ২০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজও শেষ হয়েছে। সেই সড়কের উদ্বোধন করা হল।
এদিন কলকাতা বিমানবন্দর থেকেই অডিও বার্তায় প্রধানমন্ত্রী তাহেরপুরে না আসতে পারার জন্য দুঃখপ্রকাশ করেছেন। কলকাতা থেকেই বার্তা শুরু করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘জয় নিতাই, বড়রা প্রণাম নেবেন। সকলকে শুভেচ্ছা। ক্ষমাপ্রার্থী, আবহাওয়া খারাপ থাাকর কারণে পৌঁছোতে পারিনি।’ ট্রেনে কাটা পড়ে বিজেপি কর্মীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন তিনি।
এদিকে এদিন তাহেরপুরে মোদির সভাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, চেয়ার ছোড়াছুড়ি করতে দেখা যায় কর্মী-সমর্থকদের একাংশকে। মঞ্চ থেকে সকলকে বসতে অনুরোধ করা হয়। অভিযোগ, ভিআইপি গেট টপকে সভাস্থলে প্রবেশের চেষ্টা করেন অনেকে।
