উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ (Ukraine-Russia struggle) নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করলেন পোল্যান্ডের উপ-বিদেশমন্ত্রী (Polish Minister) ভ্লাদিস্লাভ তেওফিল বার্তোশেভস্কি (Wladyslaw Teofil Bartoszewski)। তাঁর দাবি, ২০২২ সালের শেষের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) যখন ইউক্রেনের বিরুদ্ধে কৌশলগত পরমাণু অস্ত্র (Nuclear Weapons) ব্যবহারের কথা ভাবছিলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হস্তক্ষেপেই সেই পরিকল্পনা ভেস্তে যায়। নয়াদিল্লিতে ভারত-পোল্যান্ড যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।
পোলিশ মন্ত্রীর মতে, রাশিয়ার সঙ্গে ভারতের কয়েক দশকের গভীর কৌশলগত সম্পর্কের কারণে পুতিন মোদির পরামর্শকে গুরুত্ব সহকারে শোনেন। বার্তোশেভস্কি বলেন, ‘বিশ্বের হাতে গোনা যে কয়েকজন নেতার কথায় পুতিন কান দেন, মোদি তাঁদের মধ্যে অন্যতম। ২০২২ সালের শেষে ইউক্রেনে পরমাণু অস্ত্রের ব্যবহার রুখতে মোদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে প্রধানমন্ত্রী মোদি সরাসরি পুতিনকে বলেছিলেন, ‘আজকের যুগ যুদ্ধের নয়।’ কূটনৈতিক মহলের মতে, ভারতের এই ভারসাম্যপূর্ণ অবস্থান এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তার ওপর বিশ্বজুড়ে ভরসা বাড়ছে।
ইউক্রেন যুদ্ধে ভারত সরাসরি কোনও পক্ষ না নিয়ে বরাবরই আলাপ-আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছে। একইসঙ্গে পশ্চিমী দেশগুলির চাপ সত্ত্বেও জাতীয় স্বার্থে রাশিয়ার থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি। পোলিশ মন্ত্রী এদিন ভারতের এই স্বাধীন বিদেশনীতির প্রশংসা করে জানান, ইরান সংকটের ক্ষেত্রেও ভারত একইভাবে সংযম ও কূটনীতির পথ অবলম্বন করছে, যা পোল্যান্ডের বিদেশনীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
পাশাপাশি, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতিও পোল্যান্ডের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন বার্তোশেভস্কি। আন্তর্জাতিক আঙিনায় ভারতের এই ক্রমবর্ধমান প্রভাব ও মধ্যস্থতাকারীর ভূমিকা যে বিশ্ব রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা এই মন্তব্যের মাধ্যমে আরও একবার স্পষ্ট হল।

