উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে এনডিএ। আর সেই মতো দশমবার বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) হচ্ছেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার (Nitish Kumar)। বৃহস্পতিবার পাটনার গান্ধি ময়দানে শপথ নেবেন তিনি।
সূত্রের খবর, নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে উপস্থিত থাকবে এনডিএ-র শীর্ষ নেতারা (NDA)। বিজেপির একজন প্রবীণ নেতা জানিয়েছেন, অনুষ্ঠানে তিন লক্ষেরও বেশি লোকের উপস্থিতি আশা করা হচ্ছে।
এদিকে, বুধবারই বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন নীতীশ। সেই সঙ্গে নতুন সরকার গঠনের আবেদন জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর পদে নীতীশ থাকবেন তা স্পষ্টই। তবে উপমুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা রয়েছে। যদিও শোনা যাচ্ছে, আগের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমারই এই পদে বহাল থাকবেন। কিন্তু বিজেপির আরেক নেতা মঙ্গল পান্ডের নামও শোনা যাচ্ছে।
বিহারের নয়া মন্ত্রিসভার পদ চূড়ান্ত করার জন্য এনডিএ-এর জোটসঙ্গীদের মধ্যে তুঙ্গে রয়েছে তৎপরতা। এই মন্ত্রিসভায় বিজেপির ১৬ জন এবং জেডিইউ থেকে ১৪ জন মন্ত্রী অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, বিজেপির প্রেম কুমারকে বিধানসভার স্পিকার হিসেবে নিয়োগের জন্য একমত হয়েছেন এনডিএ শরিকরা। ডেপুটি স্পিকারের পদ জেডিইউ পাবে বলে মনে করা হচ্ছে। নতুন মন্ত্রিসভায় এনডিএ-র প্রধান শরিক দল বিজেপি এবং জেডিইউ থেকে পাঁচ থেকে ছয়জন নতুন মুখ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের নেতৃত্বে এলজেপি(আরভি) নতুন মন্ত্রিসভায় তিনটি স্থান পেতে পারে। জিতন রাম মাঞ্জির নেতৃত্বে এইচএএম-এস এবং উপেন্দ্র কুশওয়াহার নেতৃত্বে আরএলএম একটি করে স্থান পেতে পারে বলে মনে করা হচ্ছে।
নতুন মন্ত্রিসভায় জেডিইউ-র তরফে সদস্য হতে পারেন বিজেন্দ্র প্রসাদ যাদব, বিজয় কুমার চৌধুরী, শ্রাবণ কুমার, সুনীল কুমার, লেসি সিং, শীলা মণ্ডল, মদন সাহনি, রত্নেশ সাদা, মহম্মদ জামা খান, জয়ন্ত রাজ, উমেশ সিং কুশওয়াহা এবং অশোক চৌধুরী। আর বিজেপির তরফে বিদায়ী মন্ত্রিসভার বেশিরভাগ মন্ত্রীকে বহাল রাখা হবে বলে শোনা যাচ্ছে। তবে জায়গা পেতে পারে কিছু নতুন মুখও।
