উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পাঁচ দেশ সফরের শেষ পর্বে ইটালিতে পা (Italy Go to) রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর রোমে পৌঁছতেই দু’দেশের রাষ্ট্রপ্রধানের বন্ধুত্ব নেটপাড়ায় আবারও চর্চায়। বুধবার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্তরের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা। তবে তার আগের দিন, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) সঙ্গে মোদির কাটানো দারুণ কিছু মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।
ইটালির রাজধানীতে পা রাখতেই প্রধানমন্ত্রী মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান মেলোনি। এরপর দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে নৈশভোজ সারেন এবং গাড়িতে চড়ে রোম শহর ঘোরেন। নৈশভোজের পর তাঁরা যান রোমের ঐতিহাসিক কলোসিয়ামে। নৈশালোকে ঝলমলে কলোসিয়ামের সামনে মোদির সঙ্গে একটি চমৎকার সেলফি (Colosseum Selfie) তুলে মেলোনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘রোমে স্বাগত বন্ধু।’ অন্যদিকে মোদিও এই সফরের একাধিক ছবি শেয়ার করে জানান, প্রথমদিনেই তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে। নেটদুনিয়ায় তাঁদের এই জুটিকে অনুগামীরা ভালোবেসে ‘মেলোডি’ (Melodi) বলে ডাকেন, যা এবারও ট্রেন্ডিং।
তবে এই সফর শুধু বন্ধুত্বের নয়, কৌশলগতভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবার মেলোনির সঙ্গে মূল বৈঠকের পাশাপাশি ইটালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গেও দেখা করবেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী জানান, এই সফরে ‘ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর’ (IMEC) এবং ‘যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা ২০২৫-২০২৯’-এর পর্যালোচনার ওপর বিশেষ জোর দেওয়া হবে। এছাড়া ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO)-এর সদর দপ্তরে গিয়ে বিশ্ব খাদ্য সুরক্ষায় ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির পর, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইটালি ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার মনে করছে। এই দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।
