কল্লোল মজুমদার, মালদা: প্রধানমন্ত্রীর সফরকে হাতিয়ার করে রীতিমতো রাজনৈতিক ময়দানে নেমে পড়ছে বিজেপি (PM Modi Malda Go to)। একগুচ্ছ রেলপ্রকল্পকে হাতিয়ার করে প্রচারে নেমে পড়েছেন ছোট-বড় নেতারা। তবে শুধু সংবাদমাধ্যম নয়, এবার প্রচারের হাতিয়ার কনটেন্ট ক্রিয়েটররা। এখনও মালদা এসে পৌঁছায়নি স্লিপার বন্দে ভারতের রেক (Sleeper Vande Bharat)। তবে তার আগেই সোশ্যাল মিডিয়ায় ওই ট্রেনের রিলস এখন রীতিমতো ভাইরাল। আর সেই কথা বুঝেই মালদা জেলা বিজেপি (BJP) গুরুত্ব দিচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদের (Content material creator technique)। তবে মালদায় স্লিপার বন্দে ভারতের রেক এলে স্থানীয় ভ্লগারদের সেই রেকের ট্যুর করতে দেওয়া হবে কি না, সেব্যাপারে এখনও রেলের তরফে কোনও স্পষ্ট বার্তা দেওয়া হয়নি।
তবে পুরাতন মালদার যেখানে মোদি সভা করছেন সেখানে কিন্তু কনটেন্ট ক্রিয়েটরদের জন্য জায়গা সংরক্ষণ করা হচ্ছে। সে কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ চন্দ্রশেখর বসুনিয়া। তিনি বলেন, ‘সাংবাদিকদের পাশে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আলাদাভাবে বসার জায়গা থাকবে। দেওয়া হবে প্রয়োজনীয় কার্ড।’ একইসঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে স্থানীয় পোর্টাল নিউজ চ্যানেলগুলিকেও। সেই চ্যানেলগুলির নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। একটি সূত্র জানাচ্ছে, মালদা জেলায় এই মুহূর্তে শতাধিক কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন। তাঁদের মধ্যে আবার একটা বড় অংশ নাকি তৃণমূল-ঘনিষ্ঠ। এমনটাই দাবি বিজেপি সূত্রের। মোদির সভার ক্ষেত্রে সেইসব ‘তৃণমূল-ঘনিষ্ঠ’ ভ্লগারদের সযত্নে বাদ দিয়ে বাকিদের মধ্য থেকে বেছে বেছে যোগাযোগ করার প্রক্রিয়া চলছে।
এমনই ভ্লগারদের মধ্যে একজন শুভাঙ্গি মানি বললেন, ‘ডাক পেলে অবশ্যই স্লিপার বন্দে ভারত নিয়ে ভ্লগ করার ইচ্ছে রয়েছে। হাজার হোক, দেশের মধ্যে প্রথম মালদায় এমন ট্রেন চালু হচ্ছে বলে কথা।’ আরেক ভ্লগার রাজা সিনহা আবার চাইছেন মোদির সভায় গিয়ে ভ্লগ করতে।
বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ১৭ জানুয়ারি মালদা টাউন স্টেশনের দুটি প্ল্যাটফর্ম মিলিয়ে ঠাঁই পাবেন ২০০০ আমন্ত্রিত। এর মধ্যে এক হাজার কোটা রেলের, বাকিরা নেতাদের ঘনিষ্ঠ। তবে এই নিয়ে এখনই মুখ খুলতে রাজি হননি বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, ‘প্রধানমন্ত্রী সফর নিয়ে আমরা জেলাজুড়ে ছোট ছোট জনসভা করছি। প্রচার করছি।’
আগামী বিধানসভা নির্বাচনে স্লিপার বন্দে ভারত সহ একাধিক নতুন ট্রেন পরিষেবা নিয়ে প্রচারের ময়দানে নেমে পড়েছেন বিজেপি নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে পুরাতন মালদার সাহাপুর শিব মন্দির এলাকায় ঘুরে ঘুরে আমজনতার মধ্যে প্রধানমন্ত্রী সভার আমন্ত্রণপত্র বিলি করতে দেখা যায় সাংসদ খগেন মুর্মু, এলাকার বিধায়ক গোপাল সাহা, রাজ্য বিজেপির ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি অজিত দাসদের। খগেন বলেন, ‘১৭ জানুয়ারি মালদায় প্রধানমন্ত্রী সফর ঘিরে ঐতিহাসিক জনসভা হবে।’ সভা নিয়ে হরিশ্চন্দ্রপুরে প্রস্তুতি বৈঠকের পাশাপাশি উত্তর দিনাজপুরের হেমতাবাদেও আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে।
মালদা টাউন স্টেশন চত্বর ঘিরে এখন জোরকদমে কাজ চলছে। ইতিমধ্যে স্টেশন সংলগ্ন দুটি এলাকাকে বেছে নেওয়া হয়েছে অস্থায়ী হেলিপ্যাড হিসেবে। একটি লক্ষ্মণ সেন স্টেডিয়াম অন্যটি কালিন্দ্রী ফিল্ড। ১৪ জানুয়ারির মধ্যে সেই কাজ শেষ করতে বলা হয়েছে।
