উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। বর্তমানে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদেও রয়েছেন তিনি। কিন্তু শুক্রবার দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কর্মসূচিতে দেখা যায়নি লকেট চট্টোপাধ্যায়কে। শোনা যাচ্ছে, তাঁকে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে আমন্ত্রণই জানানো হয়নি। এদিকে লকেটকে সভায় দেখতে না পেয়ে মঞ্চ থেকে তাঁকে ফোন করেছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তখন লকেট শমীককে জানিয়ে দেন, তাঁর কাছে কোনও ডাক আসেনি। তবে দু’জনের কেউই প্রকাশ্যে এবিষয়ে মুখ খোলেননি।
তবে দলের অপর একটি সূত্রের দাবি, শুক্রবার মোদীর কর্মসূচিতে যাঁরা ছিলেন না। সেব্যপারে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেও খোঁজখবর নেওয়া হয়েছে।
সাধারণত, এধরনের বড় কর্মসূচিতে রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদক, সংগঠন সম্পাদকদের মতো রাজ্যস্তরের সর্বোচ্চ নেতাদের আমন্ত্রণ থাকে। সেই হিসেবে দমদমে প্রধানমন্ত্রীর সভায় লকেটের ডাক পাওয়ার কথা ছিল।
বিজেপির একটি সূত্রের দাবি, দমদমে প্রধানমন্ত্রীর সভায় যে সব অনুপস্থিতি চোখে পড়ার মতো ছিল, সেগুলির বিষয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। যদিও এবিষয়ে রাজ্য সভাপতি শমীক ও লকোট কোনও মন্তব্য করেননি।
