বাণীব্রত চক্রবর্তী, ময়নাগুড়ি: ময়নাগুড়ি (Mainaguri) গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ‘ক্লিন ময়নাগুড়ি গ্রিন ময়নাগুড়ি’ মিশন চালু হয়েছিল। একাধিক পথসভা ও সচেতনতা শিবির করে প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জনের কথা প্রচার করা হয়েছিল। সেই প্রচেষ্টা কিংবা প্রচার কর্মসূচির ধারাবাহিকতা পুরসভা বজায় রাখতে পারেনি। এনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ময়নাগুড়ির প্রাক্তন প্রধান সজল বিশ্বাস বলেন, ‘আমরা এই মিশন পূরণ করার জন্য লাগাতার সচেতনতা শিবির করেছিলাম।’
সম্পূর্ণ বাজার চত্বরে আবর্জনার স্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাজারে রাখা ডাস্টবিনগুলি থেকে আবর্জনা উপচে পড়ছে। কোথাও আবার নিকাশিনালা বন্ধ হয়ে যাওয়ায় রাস্তায় জলকাদা জমে গিয়েছে। পুরসভার ৯ নম্বর ওয়ার্ডটি মূলত বাজার এলাকা। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার তথা তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ি টাউন ব্লক সভাপতি গোবিন্দ পাল বলেন, ‘আমরা নিয়মিত আবর্জনা পরিষ্কার করা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি।’ পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বললেন, ‘ক্লিন ময়নাগুড়ি গ্রিন ময়নাগুড়ি গড়ে তোলার লক্ষ্যে কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। সেই কাজ শেষ হলে সমস্যা মিটে যাবে।’
এদিকে, বাজার এলাকায় যত্রতত্র বেআইনি পার্কিংয়ের ফলে যানজটে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। পুর কর্তৃপক্ষ এবিষয়ে উদাসীন। ময়নাগুড়ি ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, ‘বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রে লাগাতার অভিযান চলছে।’ ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, ‘সার্বিক পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রচার করা জরুরি। সেক্ষেত্রে আমরা প্রশাসনকে সবরকম সহযোগিতা করব।’
অন্যদিকে শহরজুড়ে প্লাস্টিক ক্যারিব্যাগের দেদার ব্যবহার চলছে। বাইরে থেকে এই ক্যারিব্যাগ সরবরাহ করা হচ্ছে। কিন্তু পুর কর্তৃপক্ষের সেদিকে কোনও নজরই নেই। একসময় পুর কর্তৃপক্ষ থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ বিক্রি ও ব্যবহারের ওপর জরিমানা ধার্য করে বাজারে লিফলেট বিলি করা হয়েছিল। এখন সেসব অতীত।
গত ১০ বছরে ঝড়ে শহরের অসংখ্য গাছ ভেঙে পড়েছে। কিন্তু সেই জায়গায় পুরসভার পক্ষ থেকে কোনও বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে কি না সেবিষয়ে অনেকেরই যথেষ্ট সন্দেহ রয়েছে। ময়নাগুড়ি নাগরিক চেতনার সম্পাদক অপু রাউতের মতে, ‘সচেতনতা বাড়াতে প্রয়োজন বিভিন্ন কর্মসূচি।’ তিনি জানান, শহরের দুর্গাবাড়ি মোড়, ট্রাফিক মোড় ও নতুন বাজারে তাঁরা বেশ কিছু গাছ লাগিয়েছেন। সেগুলি বড় হয়েছে। তবে জায়গা পেলে আরও গাছ লাগিয়ে শহরকে সবুজ করে তুলতে তাঁদের পরিকল্পনা রয়েছে।
