উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র (Amit Shah) সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের (Dilip Ghosh) ‘রাজনৈতিক শীতঘুম’ ভাঙার ইঙ্গিত মিলেছিল। দলের কর্মসূচিতে ফের সক্রিয় হতে দেখা যাচ্ছিল বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতিকে। কিন্তু খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi Bengal Go to) রাজ্য সফরেও দিলীপ ঘোষের ব্রাত্য থাকা নিয়ে এবার গেরুয়া শিবিরের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার মালদা এবং রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রীর হাই-ভোল্টেজ জনসভা ও সরকারি কর্মসূচি থাকলেও, কোনওটিতেই আমন্ত্রণ পাননি দিলীপ।
কী বলছেন দিলীপ ঘোষ? শনিবার সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণের সময় এই প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ। বরাবরের মতোই সোজাসাপ্টা মেজাজে তিনি বলেন, “সব নেতারা সব জায়গায় যান না। সেটা পার্টিই ঠিক করে দেয় কোন নেতা কোন প্রোগ্রামে থাকবেন। যাকে যেখানে যেতে বলা হয়, সে সেখানেই যায়।” প্রধানমন্ত্রীর সফর নিয়ে তাঁর সংযোজন, “মাননীয় প্রধানমন্ত্রী আসছেন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে এবং বাংলার মানুষকে বার্তা দিতে। সরকারি কাজের পাশাপাশি বিজেপি যে মানুষের পাশে আছে, সেই মেসেজ দিতেই ওঁর এই সফর।” সিঙ্গুরের সভায় যাওয়া প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, এ বিষয়ে তাঁর কাছে এখনও কোনও খবর নেই।
অনুগামীদের মধ্যে হতাশা: দিলীপ ঘোষের অনুগামীরা আশা করেছিলেন, অমিত শাহের সঙ্গে বৈঠকের পর দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব কমেছে এবং প্রধানমন্ত্রীর মঞ্চে তাঁকে দেখা যাবে। বিশেষ করে বন্দে ভারত স্লিপার ট্রেনের মতো বড় প্রকল্পের উদ্বোধনে তাঁর উপস্থিতি প্রত্যাশিত ছিল। কিন্তু শেষ মুহূর্তেও ডাক না পাওয়ায় দিলীপ-শিবিরে হতাশা তৈরি হয়েছে। যদিও দিলীপ নিজে মুখে বলছেন তিনি দলের একজন সাধারণ ‘কর্মী’, কিন্তু তাঁর একের পর এক ঝাঁঝালো মন্তব্য বুঝিয়ে দিচ্ছে যে তিনি নিজেকে আজও দলের অন্যতম ‘অ্যাসেট’ হিসেবেই গণ্য করেন।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষকে দলে সক্রিয় করা হলেও রাজ্য বিজেপির বর্তমান সমীকরণে তাঁকে কতটা গুরুত্ব দেওয়া হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রধানমন্ত্রীর সভায় তাঁর অনুপস্থিতি কি কেবলই কৌশলগত, নাকি এর নেপথ্যে অন্য কোনও সমীকরণ কাজ করছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
