উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি এবং নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল সরকারকে বেনজির আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi assaults tmc)। সন্দেশখালি থেকে আরজি কর— একাধিক ইস্যু টেনে এনে তিনি দাবি করেন, বাংলায় এখন অপরাধীদের রাজত্ব চলছে এবং শাসকের ছত্রছায়ায় দুষ্কৃতীরা রক্ষা পাচ্ছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূল সরকারের বিদায়ের ‘কাউন্টডাউন’ শুরু হয়ে গিয়েছে এবং বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি অন্যায়ের কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বাংলার সরকার সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার বদলে অসুরক্ষিত করে তুলেছে। একটি বিশেষ সম্প্রদায়ের দোহাই দিয়ে হুমকি দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সংবিধানের কুর্সিতে বসে এমন ধমক দেওয়া শোভা পায় না।” মোদির দাবি, যারা তৃণমূলকে ভোট দেয় না, তাঁদের ‘বাঙালি’ বলে স্বীকার করা হয় না— এমন রাজনীতি বাংলায় ভয়ের পরিবেশ তৈরি করছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, তৃণমূলের গুন্ডামির দিন শেষ হতে চলেছে এবং বিজেপি সরকার ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। অপরাধীদের জন্য একমাত্র জায়গা হবে জেল।
নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে বিঁধে প্রধানমন্ত্রী বলেন, মানুষ অনেক আশা নিয়ে বামেদের হঠিয়ে তৃণমূলকে এনেছিল, কিন্তু এই সরকার গুন্ডা ও মাফিয়াদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। আরজি কর এবং সন্দেশখালির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলার মানুষ সেই ভয়াবহ ছবি ভোলেনি। এমনকি কলেজ এবং দলীয় কার্যালয়েও যৌন হেনস্থার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি। মোদীর আক্ষেপ, “এখনও বাংলার মেয়েদের বলতে হয় সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসো।” এই পরিস্থিতির আমূল পরিবর্তনের আশ্বাস দিয়ে তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় এলে মহিলারা সুরক্ষিত থাকবেন, এটাই মোদির গ্যারান্টি।”
