পুন্ডিবাড়ি: ফের এক বিএলও-র আকস্মিক মৃত্যুকে (BLO Loss of life) ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে (Cooch Behar)। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার-২ ব্লকের বাণেশ্বর গ্রামে। মৃতের নাম আশিস ধর। তিনি ইছামারি এলাকার ১০৩ নম্বর বুথের বিএলও ছিলেন।
জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বিএলও আশিস ধর। পরিবারের লোকজন তাঁকে তড়িঘড়ি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে।
মৃত বিএলও-র পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত (SIR) কাজের চাপেই তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁর স্ত্রী ইতি ধর কান্নাভেজা গলায় বলেন, ‘উনি এই এসআইআর সংক্রান্ত কাজের জন্য অনেকদিন ধরেই মানসিক চাপে ছিলেন। আগে কোনও শারীরিক অসুস্থতা ছিল না। গতকাল রাতেই হঠাৎ করে সব শেষ হয়ে গেল।’ এদিকে, শনিবারই কোচবিহার-২ বিডিও অফিসে সংশ্লিষ্ট ওই বুথের হিয়ারিং হওয়ার কথা ছিল।
শনিবার সকালে ঘটনার খবর পেয়ে আশিস ধরের বাড়িতে পৌঁছান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন, ‘এসআইআর ইস্যুকে সামনে রেখে নির্বাচন কমিশনের আড়ালে কেন্দ্র সরকার বাঙালিদের উপর চাপ সৃষ্টি করছে। ইতিমধ্যেই একাধিক বিএলও এবং সাধারণ ভোটারের মৃত্যু হয়েছে। এর যোগ্য জবাব মানুষই দেবে।’ এছাড়াও পরবর্তীতে সেখানে পৌঁছান তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।
