উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত সোমবার লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছিল দিল্লিজুড়ে (Delhi Blast)। এরপরই সাধারণ জনগণের জন্য বন্ধ করে দেওয়া হয় লালকেল্লা (Pink Fort)। তবে বিস্ফোরণের ক্ষত ভুলে ফের খুলতে চলেছে ইতিহাস বিজড়িত এই স্থান।
শনিবার ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই-এর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আজ অর্থাৎ ১৬ নভেম্বর থেকে ফের খুলে যাচ্ছে লালকেল্লা।
গত সোমবার লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের কাছে একটি সাদা রংয়ের হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণটি ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। এই ঘটনার পরই লালকেল্লার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় মেট্রো স্টেশনও। বিস্ফোরণের এএসআই কর্তৃপক্ষের তরফেই চিঠিতে দিল্লি পুলিশকে লালকেল্লা বন্ধ রাখার কথা জানানো হয়। প্রথমে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল। পরবর্তীতে তদন্তের স্বার্থে তা আরও দু’দিন বাড়িয়ে দেওয়া হয়। এদিকে, শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনের ২ ও ৩ নম্বর গেট। কিন্তু এখনও বন্ধই রাখা হয়েছে ১ নম্বর গেট। তবে এবার এএসআই-এর তরফে বিবৃতি দিয়ে লালকেল্লা খোলার কথা জানিয়ে দেওয়া হল।
