ফাঁসিদেওয়া: শবের খোঁজে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (NBMCH) যাওয়ার পথে ঘাতক ট্যাংকারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া (Phansidewa Accident) থানার রাঙ্গাপানি সংলগ্ন ঘোষপাড়া মোড় এলাকায়। এই দুর্ঘটনায় আরও এক যুবক গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘটনার জেরে শোরগোল পড়ে যায় এলাকায়। ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে শবের খোঁজে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশে যাচ্ছিলেন তিন যুবক। তাঁদের মাথায় হেলমেট ছিল না। একটি স্কুটারে সওয়ার হয়ে তাঁরা যখন রাঙ্গাপানির ঘোষপাড়া মোড় পার হচ্ছিলেন, ঠিক সেই সময় একটি তেলের ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের সরাসরি ধাক্কা মারে। ট্যাংকারের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকি ঘোষ ও বাপ্পা সিংহ নামে দুই যুবকের। তৃতীয় যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার প্রতিবাদে এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে চটহাট-মেডিকেল মোড় রাজ্য সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান এলাকাবাসী। প্রায় আধঘণ্টা চলে এই অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ (Phansidewa Police)। ঘাতক ট্যাংকারটিকে আটক করা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
