পতিরাম: সোমবার মধ্যরাতে বালুরঘাট ব্লকের আত্রেয়ী নদীর তীরে অনুষ্ঠিত হলো রাধাকুণ্ড স্নান। এবছর এই স্নানে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম ঘটেছে। শুধু পতিরাম(Patiram) নয়, নীচাবন্দর, লক্ষীপুর, পারপতিরাম, মণিপুর অরবিন্দপল্লি, কদমতলি, এমনকি নাজিরপুর, বোল্লা ও বটুনের মতো আশেপাশের পঞ্চায়েত এলাকা থেকেও ভক্তরা উপস্থিত ছিলেন। নীচাবন্দর মহিলা রাধাকুন্ড কমিটির সদস্যারা জানান, গত আট বছর ধরে তাঁরা এই স্নানের আয়োজন করছেন। স্নানের সঙ্গে তিনদিনব্যাপী কীর্তন অনুষ্ঠিত হয়। রাধাকুন্ড স্নান উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা। কমিটির পক্ষ থেকে আলোর সুব্যবস্থা থাকায় নদীতীর ছিল আলোকোজ্জ্বল। পতিরাম(Patiram) লক্ষ্মীপুর থেকে স্নানে আসা বৃদ্ধা সুধা বিশ্বাস বলেন, ‘প্রতি বছর ইচ্ছে হয় রাতের রাধাকুন্ড স্নান করব। কিন্তু হয়ে ওঠে না, এবারে আমাদের লক্ষ্মী রাধাগোবিন্দ মন্দির থেকে আমরা অনেকেই একসঙ্গে স্নান করলাম। খুব ভালো লাগলো।’ পতিরামবাসীর উদ্যোগে ধর্মীয় আবেগই যেন জীবন্ত হয়ে উঠল সোমবার মধ্যরাতে আত্রেয়ী নদীর তীরে।
