Akhilesh Yadav | ‘দিদি ইডিকে হারিয়েছেন, হারাবেন বিজেপিকেও’, কলকাতায় এসে হুংকার অখিলেশের

Akhilesh Yadav | ‘দিদি ইডিকে হারিয়েছেন, হারাবেন বিজেপিকেও’, কলকাতায় এসে হুংকার অখিলেশের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা যেন বেজে গিয়েছে। এবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) প্রশংসায় পঞ্চমুখ হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সোমবার বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি আক্রমণ শানালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) এবং বিজেপি-র বিরুদ্ধে (BJP)। অখিলেশের স্পষ্ট দাবি, ‘দিদি ইডিকে হারিয়েছেন, এবার বিজেপিকেও হারাবেন।’

সাম্প্রতিক আইপ্যাক কাণ্ড এবং পেনড্রাইভ বিতর্ক নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপি এখনও পেনড্রাইভের যন্ত্রণা ভুলতে পারেনি।’ উল্লেখ্য, গত ৮ জানুয়ারি আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডি হানা দিলে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে নথিপত্র ও একটি পেনড্রাইভ উদ্ধার করেছিলেন। তৃণমূলের অভিযোগ ছিল, ইডিকে ব্যবহার করে আসলে দলের গোপন তথ্য হাতাতে চেয়েছিল বিজেপি, যা মমতা রুখে দিয়েছেন।

তদন্তকারী সংস্থার পাশাপাশি নির্বাচন কমিশনকেও এদিন কাঠগড়ায় তোলেন অখিলেশ। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে তাঁর অভিযোগ, কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। অখিলেশের মতে, ‘বিজেপি এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট বাড়ানোর বদলে ভোট কাটার ষড়যন্ত্র করছে, আর কমিশন তাতে মদত দিচ্ছে।’ তবে পশ্চিমবঙ্গের মাটি থেকে হিংসার রাজনীতি বিদায় নেবে এবং ফের এখানে ‘ঘাসফুল’ ফুটবে বলে তিনি দৃঢ় আশাপ্রকাশ করেন।

এদিন অখিলেশের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডিম্পল যাদবও। রাজনৈতিক মহলে গুঞ্জন, মঙ্গলবার বিকেলেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন সপা প্রধান। যদিও দু’পক্ষের তরফেই এই বৈঠক নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *