পতিরাম: পতিরামের (Patiram) তালতলামোড়ের একটি সুলভ শৌচালয়কে কেন্দ্র করে মঙ্গলবার সকালে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অতিরিক্ত টাকা আদায় এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগে শৌচালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি-পন্থী যুবকেরা (BJP Protest)। ঘটনার খবর পেয়ে পতিরাম থানার পুলিশ (Police) পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, শৌচালয়ে ব্যবহারের জন্য নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি (প্রস্রাবে ১০ টাকা ও মলত্যাগে ১৫ টাকা) চার্জ নেওয়া হচ্ছিল। এছাড়া গুরুত্বপূর্ণ বাস স্টপ হওয়া সত্ত্বেও রাত আটটার মধ্যেই শৌচালয় বন্ধ করে দেওয়া এবং বিনামূল্যে ব্যবহারের জায়গায় তালা মেরে রাখার অভিযোগ উঠেছে। গুরুতর অভিযোগ এই যে, রাতের অন্ধকারে সেখানে অসামাজিক কাজ চালানো হতো।
বিজেপি যুব মোর্চার মালদা বিভাগের কো-কনভেনর জ্যোতিষ বর্মণ জানান, সাধারণ মানুষের স্বার্থেই এই প্রতিবাদ। বিজেপি মন্ডল সভাপতি ছোটন চক্রবর্তী জানিয়েছেন, এই অনিয়ম নিয়ে তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। যদিও শৌচালয়ের দায়িত্বপ্রাপ্ত পিঙ্কি মহন্ত সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তাঁকে কাজ থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। পুলিশের হস্তক্ষেপে এবং জ্যোতিষ বর্মণের উপস্থিতিতে প্রায় ২০ মিনিট পর তালা খোলা হয়। ঘটনার জেরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।
