উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ১৯ অক্টোবর রাঘব চাড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) সংসারে আগমন হয়েছিল নতুন সদস্যের। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আর এক মাস হতেই এবার তার ছবি প্রকাশ্যে আনলেন রাঘব-পরিণীতি। সেই সঙ্গে সকলকে জানালেন সন্তানের নামও। পুত্রের নাম ‘নীর’ রেখেছেন তারকা দম্পতি।
বুধবার ইনস্টাগ্রামে সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন রাঘব-পরিণীতি। তাতে দেখা যাচ্ছে, একটি ছবিতে খুদের ছোট্ট, গোলাপি পায়ে চুম্বন করছেন তাঁরা। আর দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, একরত্তির পা হাত দিয়ে ধরে রয়েছেন তারকা দম্পতি। তবে পুত্রের মুখ প্রকাশ্যে আনেননি রাঘব-পরিণীতি। বরং তার এক ঝলক প্রকাশ্যে আনলেন এবার। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, “জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম – তত্র এভ নীর। আমাদের হৃদয় জীবনের এক অনন্ত বিন্দুতে শান্তি খুঁজে পেয়েছে। আমরা তার নাম রেখেছি ‘নীর’- পবিত্র, ঐশ্বরিক, অসীম।”
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে পেশায় রাজনীতিবিদ রাঘবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী পরিণীতি। রাজস্থানের উদয়পুরে বসেছিল তাঁদের বিয়ের আসর। চলতি বছরের অগাস্টে সন্তান আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁরা। অবশেষে আজ একরত্তির নাম সামনে আনলেন রাঘব ও পরিণীতি।
